বগুড়ার শেরপুরে অবৈধ মাটি কাটায় ৩ জনের কারাদণ্ড, ট্রাক ও এক্সকাভেটর জব্দ
বগুড়ার শেরপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের আড়ংশাইল গ্রামে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিনজনকে কারাদণ্ড প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৭ক ধারায় একটি এক্সকাভেটর ও ড্রাম ট্রাকচালকসহ তিনজনকে ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন- বগুড়ার শাজাহানপুর উপজেলার মাদলা গ্রামের শহিদুল ইসলামের ছেলে মো. রাকিব (২৩), একই উপজেলার লাল মিয়া প্রামানিকের ছেলে মো. আরমান (২৬) এবং কাহালু উপজেলার লক্ষিপুর (বাবুর বাড়ি) গ্রামের আবু সাইদের ছেলে মো. আল-আমিন (২৩)।
মামলাসূত্রে জানা যায়, অভিযানকালে পুকুরের মালিকসহ মাটি কাটার সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের ঘটনাস্থলে পাওয়া যায়নি। এ সময় একটি এক্সকাভেটরের ব্যাটারি জব্দ করা হয় এবং চারটি ড্রাম ট্রাক আটক করা হয়। পাশাপাশি নিয়মিত মামলা দায়েরের জন্য অর্ডারশিটের মাধ্যমে নির্দেশনা প্রদান করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহামুদুল হাসান। অভিযানে আইন-শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করে শেরপুর থানা পুলিশ।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহামুদুল হাসান বলেন, অবৈধভাবে মাটি কাটার পাশাপাশি সড়ক ব্যবহার করে মাটিবাহী ট্রাক বেপরোয়া চলাচলের কারণে সড়কটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিল। এ ধরনের কর্মকাণ্ড বন্ধে দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরকে (এলজিইডি) প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
এ বিষয়ে শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম জানান, ভ্রাম্যমাণ আদালতে দণ্ডপ্রাপ্তদের শুক্রবার দুপুরে কারাগারে পাঠানো হয়েছে।