রাজশাহীতে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে বেড়েছে পরিবহন ভাড়া
রাজশাহী থেকে ঢাকায় সবজি নিয়ে যেতে ট্রাক ভাড়া বেড়েছে ৪ থেকে ৫ হাজার টাকা এবং ঢাকা থেকে চট্টগ্রাম ও সিলেটে বেড়েছে ৯ থেকে ১০ হাজার টাকা। পরিবহন খরচ বেড়ে যাওয়ায় কৃষক ও ব্যবসায়ীরা পড়েছেন নতুন সংকটে।
রাজশাহীর একাধিক ব্যবসায়ী ও পরিবহন সংশ্লিষ্টরা জানান, সম্প্রতি লিটারপ্রতি ডিজেলের দাম ১৫ টাকা বেড়েছে। এতে পরিবহন খরচও বেড়েছে। তেলের দাম বাড়ার আগে রাজশাহী থেকে ঢাকায় ট্রাকের ভাড়া লাগত ২০ থেকে ২১ হাজার টাকা। তা এখন বেড়ে দাঁড়িয়েছে ২৪ থেকে ২৫ হাজার টাকায়। একইভাবে চট্টগ্রাম, সিলেট ৩০ থেকে ৩২ হাজার টাকা ভাড়া ছিল। এখান ভাড়া দিতে হচ্ছে ৪০ হাজার টাকা।
সবজি ব্যবসায়ী রিপন বলেন, তেলের দাম বাড়ায় গাড়িওয়ালারা ভাড়া বাড়িয়েছেন। আগে এক বস্তা পণ্য ঢাকায় পাঠাতে ১৫০ থেকে ১৬০ টাকা লাগত। এখন সেটা ২৫০ টাকা। ভাড়া বেশি হওয়ায় অনেক জায়গায় পণ্য পাঠানো যাচ্ছে না। ফলে বাজারে কাঁচামালের দামও কমে যাচ্ছে।
পঞ্চগড় থেকে ডুমুর বালু রাজশাহীতে পরিবহন করেন জয় নামের এক ট্রাকচালক। তিনি বলেন, ১০ চাকার ট্রাকে ২০০ লিটার তেল লাগে। ছয় চাকার ট্রাকে ১৬০ থেকে ১৮০ লিটার তেল লাগে। প্রতি লিটারে ১৫ টাকা বেড়েছে। সেই হিসেবে বাড়বে। তেলের দাম বাড়ার আগে ৩৫-৪০ হাজার টাকা ভাড়া ছিল। এখনে সাত থেকে আট হাজার টাকা বেড়েছে।
ট্রাকচালক মিঠুন বলেন, আগে একবার ট্রাকের তেলের ট্যাংকি ভরতে ১২ থেকে ১৩ হাজার টাকা লাগত। এখন ১৬ থেকে ১৭ হাজার টাকা লাগছে। তারপরেও সব সময় ট্যাংকিভর্তি তেলও পাওয়া যায় না। এতে মাঝপথে আটকে যাওয়ার ঝুঁকি থাকছে।
ট্রাক মালিক আলী সরদার বলেন, তেল না পাওয়া গেলেও এতোদিন পরিবহন খরচ বেড়েছিল না। একটি ট্রাক ঢাকায় যেতে-আসতে প্রায় ১৫০ লিটার ডিজেল লাগে। কিন্তু এক লিটার ডিজেলে বেড়েছে ১৫ টাকা। আগে ঢাকার ভাড়া ছিল ২০ থেকে ২১ হাজার টাকা। এখন ২৪ থেকে ২৫ হাজার নিতে হচ্ছে। তেলের দাম বাড়ায় আমাদের কিছু করার নেই।
ট্রাকের ভাড়া বৃদ্ধির বিষয়ে রাজশাহী জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি মাইনুল হক মনা বলেন, বাসের মতো ট্রাকের কোনো নির্দিষ্ট ভাড়ার তালিকা নাই, বরং তেলের অতিরিক্ত খরচের ওপর ভিত্তি করে মালিকরা ভাড়া সমন্বয় করেন। দূরত্ব ও তেলের ব্যবহার অনুযায়ী গন্তব্যভেদে ট্রাকের ভাড়া সাধারণত ১ হাজার থেকে ৩ হাজার টাকা পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। তবে বাসের তুলনায় ট্রাক ভাড়ার এই হার তুলনামূলকভাবে অনেক কম বলে তিনি দাবি করেন।