নবীন স্বেচ্ছাসেবীদের বরণ করল ইউনিস্যাব রাজশাহী ডিভিশন
নতুন স্বেচ্ছাসেবীদের নিয়ে উৎসবমুখর আয়োজনের মধ্য দিয়ে ১৩তম ব্যাচকে বরণ করেছে ইউনিস্যাব রাজশাহী ডিভিশন। শুক্রবার (২৪ এপ্রিল) দুপুর ২টায় অনুষ্ঠিত এ আয়োজনে সংগঠনটির নবনিযুক্ত স্বেচ্ছাসেবকদের আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ‘ফ্রেম ফর দ্য ফিউচার’ শীর্ষক প্রতিযোগিতা। এতে নবীন সদস্যরা চারটি ভিন্ন সেগমেন্টে অংশ নিয়ে নিজেদের সৃজনশীলতা, নেতৃত্বগুণ ও বহুমুখী দক্ষতার পরিচয় দেন। প্রতিটি বিভাগ থেকে সেরা প্রতিযোগীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ডা. মো. আমিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ক্যারিয়ার কাউন্সেলিং অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টারের পরিচালক ডা. মো. নুরুল মোমেন এবং ইউনিস্যাব রাজশাহী ডিভিশনের উপদেষ্টা ডা. জহুরুল আনিস।
ডা. মো. আমিরুল ইসলাম বলেন, “ইউনিস্যাব রাজশাহী ডিভিশন শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। মাঝে মাঝে আমার আফসোস হয়, ছাত্রজীবনে কেন এমন একটি সংগঠন ছিল না।”
অনুষ্ঠানে কীনোট স্পিকার হিসেবে বক্তব্য দেন ইউনিস্যাব রাজশাহী ডিভিশনের সাবেক রিজিওনাল সেক্রেটারি আখতারুজ্জামান বাবু। তিনি ‘ভলান্টিয়ার টু প্রফেশনাল’ শীর্ষক সেশনে স্বেচ্ছাসেবী কাজের মাধ্যমে ক্যারিয়ার গঠনের বিভিন্ন দিক তুলে ধরেন। এ সময় সংগঠনের সাবেক অ্যালামনাই সদস্যরাও উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০১৪ সালে ‘স্বেচ্ছাসেবী কার্যক্রমের মাধ্যমে নেতৃত্বের বিকাশ’ স্লোগান নিয়ে যাত্রা শুরু করে ইউনিস্যাব রাজশাহী ডিভিশন। সংগঠনটি মূলত সামাজিক কল্যাণ ও দক্ষতা উন্নয়ন—এই দুই ক্ষেত্রে কাজ করে যাচ্ছে। সংগঠনটির সামাজিক কার্যক্রমের মধ্যে রয়েছে প্রজেক্ট ক্লিন অ্যান্ড কেয়ার, ঈদ ফর স্ট্রিট চিলড্রেন, প্রজেক্ট হ্যাপি বার্থডে, ড্রিম অরেঞ্জ ও উইক ফর হিউম্যানিটি।
অন্যদিকে দক্ষতা উন্নয়ন কার্যক্রমের আওতায় রয়েছে ন্যাশনাল ট্যালেন্ট ফেস্ট, ন্যাশনাল ইয়ুথ লিডারশিপ সামিট, আরইউ ট্যালেন্ট হান্ট, নেক্সট লিপ এবং ইউনিস্যাব এক্সিলিরেট। মানবিকতা ও নেতৃত্বের সমন্বয়ে দক্ষ, সচেতন ও দায়িত্বশীল প্রজন্ম গড়ে তোলাই সংগঠনটির মূল লক্ষ্য।