মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬

বর্ণালী মোড়-হেতেমখাঁ বড়মসজিদ পর্যন্ত সড়কের কাজ বর্ষা মৌসুমের আগেই শেষ করার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক ২৬ এপ্রিল ২০২৬ ০২:৪৯ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নিজস্ব প্রতিবেদক ২৬ এপ্রিল ২০২৬ ০২:৪৯ অপরাহ্ন
বর্ণালী মোড়-হেতেমখাঁ বড়মসজিদ পর্যন্ত সড়কের কাজ বর্ষা মৌসুমের আগেই শেষ করার নির্দেশ

নগরীর বর্ণালী মোড় থেকে হেতেম খাঁ বড়মসজিদ পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কের থেমে থাকা উন্নয়ন কাজ দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করার জন্য প্রকৌশলী ও সংশ্লিষ্ট ঠিকাদারদের কঠোর নির্দেশনা দিয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। রোববার (২৬ এপ্রিল) দুপুরে সরেজমিন পরিদর্শনে গিয়ে এই নির্দেশনা দেন তিনি। এছাড়া ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নেও বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন রাসিক প্রশাসক।

এ সময় রাসিক প্রশাসক রিটন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্দেশ হচ্ছে জনগণের সেবা করা। আমরা সেই কাজেই নেমেছি। আগামী বর্ষা মৌসুমের আগেই এই রাস্তার কাজ শেষ করতে চাই। আপনারা আন্তরিকতার অভাব রাখবেন না।

এরআগে বর্ণালী মোড়ের পেছনে রাস্তা থেকে পরিদর্শন শুরু করেন রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। এরপর হেতেমখাঁ ছোট মসজিদ হয়ে হেতেমখাঁ বড় মসজিদ মোড় পর্যন্ত সড়কটি সরেজমিন পরিদর্শন করেন। এলাকাবাসীর বিভিন্ন সমস্যার কথা মনযোগ সহকারে শোনেন এবং সমস্যা সমাধানে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন তিনি।

পরিদর্শনকালে সিটি কর্পোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভার.) আহমদ আল মঈন পরাগ, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) মো. মাহমুদুর রহমান ইমন সহ সংশ্লিষ্ট প্রকৌশলী ও ঠিকাদার এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।