নাটোরে চলন বিলে ধান কাটার সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু
নাটোরের চলনবিল এলাকায় ধান কাটার সময় বজ্রপাতে সম্রাট হোসেন (২৬) নামে এক কৃষি শ্রমিকের মৃত্যু হয়েছে।
রোববার (২৬ এপ্রিল) বিকেলে উপজেলার ঠ্যাঙ্গা পাকুরিয়া গ্রামের মাঠে এ ঘটনা ঘটে। নিহত সম্রাট হোসেন সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার নগরডালা গ্রামের বাসিন্দা এবং সাজা ফকিরের ছেলে। মৌসুমি শ্রমিক হিসেবে তিনি চলনবিলে ধান কাটার কাজে যোগ দিতে সিংড়ায় এসেছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, রোববার সকালে কয়েকজন শ্রমিকের সঙ্গে সম্রাট ধান কাটার কাজে ব্যস্ত ছিলেন। বিকেলের দিকে হঠাৎ করে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে পড়ে এবং ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি শুরু হয়। এ সময় শ্রমিকরা কাজ বন্ধ করে আশ্রয়ের খোঁজ করতে থাকেন। সম্রাট নিকটবর্তী একটি ঘরে ঢোকার পরপরই বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন।
সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সিংড়া থানার (ওসি) রফিকুল ইসলাম জানান, ধান কাটতে এসে বজ্রপাতে ওই শ্রমিকের মৃত্যু হয়েছে। মরদেহ বর্তমানে নাটোর সদর হাসপাতালে রাখা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।