নগর যুবদলের আহ্বায়ক হলেন শরিফুল ইসলাম জনি
রাজশাহী মহানগর যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক শরিফুল ইসলাম জনিকে একই ইউনিটের আহ্বায়ক করা হয়েছে। রোববার (২৬ এপ্রিল) যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুর মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের অনুমোদনে এ সিদ্ধান্ত কার্যকর হয়।
যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। তিনি জানান, মহানগর যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব পালন করে আসা শরিফুল ইসলাম জনির সাংগঠনিক দক্ষতা ও রাজনৈতিক অভিজ্ঞতার মূল্যায়ন করেই তাকেই ইউনিটের পূর্ণাঙ্গ আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়েছে।
রাজশাহী মহানগর যুবদলের রাজনীতিতে শরিফুল ইসলাম জনির পথচলা দীর্ঘদিনের। তিনি ২০২১ সালের ২৯ অক্টোবর মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক হিসেবে দায়িত্ব গ্রহণের মাধ্যমে এ সংগঠনের নেতৃত্বে যুক্ত হন। এর আগে তিনি ২০১৬ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত রাজশাহী জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন এবং ছাত্ররাজনীতিতে সক্রিয় ভূমিকা রেখে নিজেকে সংগঠনের একজন গুরুত্বপূর্ণ সংগঠক হিসেবে প্রতিষ্ঠিত করেন।
শরিফুল ইসলাম জনি দায়িত্ব পেয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। এছাড়া যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুর মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নকে ধন্যবাদ জানিয়েছেন তার প্রতি আস্থা রাখার জন্য।
তিনি বলেন, রাজশাহী মহানগর যুবদলকে আরও শক্তিশালী, গতিশীল ও ঐক্যবদ্ধ সংগঠন হিসেবে গড়ে তুলতে তিনি সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবেন। দলের নির্দেশনা বাস্তবায়ন এবং তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার মাধ্যমে সংগঠনকে সামনে এগিয়ে নেওয়াই হবে তার প্রধান লক্ষ্য।