সোমবার, এপ্রিল ২৭, ২০২৬

’সিগারেট খেতে নিষেধ করায়’ রাবিতে বহিরাগত এনে সিনিয়রকে পেটালেন জুনিয়র

রাবি প্রতিবেদক ২৭ এপ্রিল ২০২৬ ১২:৪৫ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
রাবি প্রতিবেদক ২৭ এপ্রিল ২০২৬ ১২:৪৫ অপরাহ্ন
’সিগারেট খেতে নিষেধ করায়’ রাবিতে বহিরাগত এনে সিনিয়রকে পেটালেন জুনিয়র
মারধরের শিকার শাওন (বামে) ও অভিযুক্ত শিক্ষার্থী আকাশ (ডানে)। ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সিগারেট খেতে নিষেধ করায় বহিরাগত এনে  সিনিয়রকে মারধরের অভিযোগ উঠেছে জুনিয়রের বিরুদ্ধে। এ ঘটনায় এক বহিরাগতকে আটক করা হয়। রোববার (২৬ এপ্রিল) রাতে বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে এ ঘটনা ঘটে।

মারধরের শিকার সিনিয়র শিক্ষার্থীর নাম শাওন। তিনি বিশ্ববিদ্যালয়ের গ্রাফিক ডিজাইন ডিসিপ্লিনের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং ছাত্রদলের উপ-ক্রীড়া বিষয়ক সম্পাদক। অভিযুক্ত জুনিয়রের নাম আকাশ। তিনি একই ডিসিপ্লিনের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং ছাত্রদলের কর্মী। তার বাড়ি রাজশাহী মহানগরে।

প্রক্টর দপ্তরের সিসি ক্যামেরা ফুটেজে দেখা যায়, শাওন বাইক নিয়ে চারুকলা অভিমুখে যাওয়ার পথে তাকে আটকান আকাশসহ কয়েকজন। তারপর হঠাৎই তাকে কিল-ঘুসি মেরে বাইক থেকে ফেলে দেওয়া হয়।

শাওনের অভিযোগ, তিনি প্র্যাকটিস শেষে চলে যাচ্ছিলেন। হঠাৎ পথে তার উপর হামলা হয় এবং মারধরে তার হাতসহ শরীরের বিভিন্ন অঙ্গে আঘাত পেয়েছেন। এ ঘটনায় জড়িতদের বিচার চান তিনি। 

মারধরের কারণ হিসেবে তিনি বলেন, প্রথমবর্ষে ভর্তি হওয়ার পর একদিন আকাশ চারুকলা মঞ্চে সিগারেট খাচ্ছিলেন। সিনিয়ররা আগে থেকেই সেখানে বসে ছিলেন। আকাশ সিনিয়র আপুদের অন্যত্র চলে যেতে বলেন। তখন শাওন তাকে বিষয়টি নিয়ে কথা বলেন। এছাড়াও আকাশ বিভিন্ন ঝামেলায় জড়িয়ে শাওনের নাম ভাঙিয়ে চলার অভিযোগ তোলেন এই নেতা।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মাহবুবর রহমান বলেন, দুজনেই ক্যাম্পাসের শিক্ষার্থী। পূর্ব ঘটনার জেরে একজন কিছু বহিরাগত এনে অন্যজনকে মেরেছে। ঘটনাস্থলেই অন্য শিক্ষার্থী এক বহিরাগতকে আটক করে এবং প্রক্টরিয়াল টিমকে অবগত করে। টিম গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনার অভিযোগ পর্যালোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।