শনিবার, মে ০২, ২০২৬

ঈশ্বরদীতে রাশিয়ান নাগরিকের সঙ্গে থাকা তিন বাঙালি তরুণী অপহরণ : পরে উদ্ধার

ঈশ্বরদী প্রতিনিধি ২৭ এপ্রিল ২০২৬ ১০:৫৯ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
ঈশ্বরদী প্রতিনিধি ২৭ এপ্রিল ২০২৬ ১০:৫৯ অপরাহ্ন
ঈশ্বরদীতে রাশিয়ান নাগরিকের সঙ্গে থাকা তিন বাঙালি তরুণী অপহরণ : পরে উদ্ধার

পাবনার ঈশ্বরদীতে রূপপুর প্রকল্পে কর্মরত কয়েকজন রাশিয়ান নাগরিকদের সঙ্গে একই অটোবাইকে থাকা তিন বাঙালি তরুণীকে রাস্তার মধ্যে গাড়ি থামিয়ে প্রকাশ্যে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। তবে ঘটনার প্রায় এক ঘণ্টা পর অপহৃত ওই তিন তরুণীকে ছেড়ে দেয় দুর্বৃত্তরা। ছাড়া পেয়ে তারা নিজেরাই থানায় গিয়ে আশ্রয় নেয়। রোববার (২৬ এপ্রিল) দিবাগত রাত ১০টার দিকে উপজেলার আইকে রোডের মানিকনগর এলাকায় এ ঘটনা ঘটে।


স্থানীয়রা জানান, কয়েকজন রাশিয়ান নাগরিক তাদের পূর্বপরিচয়ের সূত্র ধরে ওই তিন তরুণীকে সঙ্গে নিয়ে একটি অটোবাইকে ঘুরে বেড়াচ্ছিলেন। তারা শহর থেকে গ্রীণ সিটি এলাকার দিকে যাওয়ার সময় ঘটনাস্থলে পথিমধ্যে হঠাৎ একদল যুবক অটোবাইকের গতিরোধ করে জোরপূর্বক তিন তরুণীকে গাড়ি থেকে নামিয়ে তাদের মোবাইল ফোন ছিনিয়ে নেয় এবং তারা দ্রুত অন্য একটি গাড়িতে তাদের জোরপূর্বক তুলে নিয়ে যায়। ঘটনার আকস্মিকতায় এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। উপস্থিত স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা কিছু বুঝে ওঠার আগেই অপহরণকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।


তবে এ ঘটনার প্রায় এক ঘণ্টা পর রাত ১১টার দিকে ওই তিন তরুণী ঈশ্বরদী থানায় উপস্থিত হয়ে পুলিশকে জানায়, তাদের কোনো ক্ষতি করা হয়নি। অপহরণকারীরা তাদের ছেড়ে দিয়েছে এবং মোবাইল ফোনগুলোও ফেরত দিয়েছে। কি কারনে তাদের এভাবে তুলে নিয়ে যাওয়া হয় এবং ছেড়েও দেওয়া হয় এ বিষয়ে তারা কিছুই বলতে পারেনি। এ ঘটনায় তারা থানায় কোনো অভিযোগ দাখিল করতেও রাজি হননি। অপহরণকারী যুবকদের পরিচয়ও তারা বলতে পারেনি। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুর রহমান জানান, ঘটনার পরপরই এ খবর জানতে পেরে পুলিশ তৎপর হয়।


পুলিশ বিভিন্ন স্থানে খোঁজ-খবর নেওয়ার সময়ে তিন তরুণী নিজেরাই থানায় এসে জানায়, তাদের কোনো ক্ষতি হয়নি এবং মোবাইল ফোন ফেরত পেয়েছে। ওসি জানান, নিরাপত্তার স্বার্থে তরুনীদের পরিচয় গোপন রাখা হয়েছে। তবে এ বিষয়ে পুলিশ অধিকতর তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে বলে জানান তিনি।