আদমদীঘিতে জামায়াতে ইসলামী’র নির্বাচনী কর্মীদের মিলনমেলা অনুষ্ঠিত
বগুড়ার আদমদীঘি উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ‘নির্বাচনী কর্মীদের মিলনমেলা’ শীর্ষক একটি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ( ২৮ এপ্রিল) সকাল ১০টায় আদমদীঘি উপজেলা জামায়াতের কার্যালয়ে এ মিলনমেলার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর হাফেজ আতোয়ার হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বগুড়া জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী নূর মোহাম্মদ আবু তাহের। এছাড়া বক্তব্য দেন উপজেলা জামায়াতের সেক্রেটারি গোলাম রব্বানী, নায়েবে আমীর ইউনুছ আলী, নসরৎপুর ইউনিয়ন আমীর এমদাদুল হক এবং আদমদীঘি সদর ইউনিয়ন আমীর ইদ্রিস আলী সহ প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “নির্বাচনে পরাজিত হয়েছি বলে আমরা থেমে থাকব না। আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে প্রতিটি ইউনিয়নে আমরা প্রতিদ্বন্দ্বিতা করব। বিজয়ের লক্ষ্যে আমরা কাজ করে যাব। কোনো কারণে পরাজিত হলেও আমাদের প্রার্থীরা ভবিষ্যতে বিজয়ের লক্ষ্য নিয়ে এগিয়ে যাবে। দেশ ও দেশের মানুষের কল্যাণে আমরা আমৃত্যু কাজ করে যেতে চাই।”