ঈশ্বরদীতে ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে ছাত্রশিবিরের মামলা
পাবনার ঈশ্বরদীতে ঈশ্বরদী সরকারি কলেজ চত্বরে জাতীয়তাবাদী ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনায় ছাত্রদলের নেতাকর্মীদের আসামী করে পাল্টা মামলা দায়ের করেছে ছাত্রশিবির। পাবনা জেলা ছাত্র শিবিরের সাহিত্য বিষয়ক সম্পাদক বুরহান আলী আলভী বাদী হয়ে সোমবার (২৭ এপ্রিল) ঈশ্বরদী থানায় মামলাটি দায়ের করেন।
মামলায় পাবনা জেলা ছাত্রদলের সহসভাপতি রফিকুল ইসলাম নয়ন, ঈশ্বরদী সরকারি কলেজের সভাপতি খালেদ বিন পার্থিব, সাধারণ সম্পাদক রিয়ামুল ইসলাম রিয়ামসহ ৩২ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আর ৬০-৭০ জনকে আসামী করা হয়েছে। সোমবার সন্ধ্যায় মামলার বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরদী থানার ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান। তিনি জানান, গত শুক্রবার ছাত্রদলের পক্ষ থেকে এবং সোমবার ছাত্রশিবিরের পক্ষ থেকে পৃথক দুইটি মামলা থানায় নথিভুক্ত করা হয়েছে। তবে উভয় মামলায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
এ বিষয়ে ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি খালেদ বিন পার্থিব বলেন, আমরা এ মিথ্যা মামলার তীব্র নিন্দা জানাই। একই সঙ্গে প্রশাসনের ভূমিকা নিয়েও উদ্বেগ প্রকাশ করছি।
তিনি আরো বলেন, গত রোববার ঈশ্বরদী থানার সামনে পুলিশ কর্মকর্তাদের আশ্বাসে আমরা বিক্ষোভ কর্মসূচি স্থগিত করে থানা গেট থেকে চলে এসেছিলাম। অথচ তিনি একদিন পরেই শিবিরের মামলা নথিভুক্ত করেছেন।
এ বিষয়ে পাবনা জেলা ছাত্রশিবিরের সাহিত্য বিষয়ক সম্পাদক বুরহান আলী বলেন, আমরা ঘটনার পরদিনই লিখিত অভিযোগ নিয়ে থানায় গিয়েছিলাম। কিন্তু প্রশাসন মামলাটি আমলে নেয়নি। অবশেষে মামলাটি নথিভুক্ত হয়েছে। আমরা সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আসামিদের গ্রেপ্তারের দাবি জানাই। উল্লেখ্য, বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে পূর্ব ঘোষিত কর্মসূচি পালনের সময় ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় গুলিবর্ষণ, ককটেল বিস্ফোরণ এবং একটি রাজনৈতিক কার্যালয় ভাঙচুর করা করার ঘটনা ঘটে।