শনিবার, মে ০২, ২০২৬

রাবিতে টুল ডেভেলপমেন্ট বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত

রাবি প্রতিবেদক ২৮ এপ্রিল ২০২৬ ১১:০৬ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
রাবি প্রতিবেদক ২৮ এপ্রিল ২০২৬ ১১:০৬ অপরাহ্ন
রাবিতে টুল ডেভেলপমেন্ট বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) উচ্চশিক্ষার গুণগত মানোন্নয়ন ও আউটকাম-বেইজড এডুকেশন (ওবিই) বাস্তবায়নের লক্ষ্যে দুই দিনব্যাপী ‘ওয়ার্কশপ অন টুল ডেভেলপমেন্ট’ অনুষ্ঠিত হয়েছে। রবিবার ও সোমবার (২৬ ও ২৭ এপ্রিল) দুই দিনব্যাপী ইনস্টিটিউট অব এডুকেশন অ্যান্ড রিসার্চের (আইইআর) কনফারেন্স রুমে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।


আয়োজকরা জানান, বিশ্ববিদ্যালয়ের ‘হাইয়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট)’ প্রজেক্টের আওতায় ‘এনসিউরিং কোয়ালিটি এডুকেশন ফর সোশ্যাল ট্রান্সফরমেশন ইন বাংলাদেশ: আ মাল্টি-ডাইমেনশনাল অ্যানালাইসিস অব আউটকাম-বেজড এডুকেশন অ্যাট দ্যা ইউনিভার্সিটি কনটেক্সট’ শীর্ষক সাব-প্রজেক্টের অংশ হিসেবে এই কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালার মূল উদ্দেশ্য ছিল ওবিই বাস্তবায়নের জন্য কার্যকর গবেষণা টুল উন্নয়ন এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষার গুণগত মান বিশ্লেষণের একটি সমন্বিত কাঠামো তৈরি করা।


অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেলের পরিচালক ড. মো. আবু রেজা। প্রধান আলোচক ছিলেন হিট প্রজেক্টের সাব-প্রজেক্ট ম্যানেজার ও আইইআরের অধ্যাপক রুবাইয়াত জাহান। আলোচক হিসেবে বক্তব্য দেন হিট প্রজেক্টের অ্যাসোসিয়েট সাব-প্রজেক্ট ম্যানেজার এবং আইইআরের অধ্যাপক ড. হ্যাপি কুমার দাস।


কর্মশালায় সভাপতিত্ব করেন আইইআরের পরিচালক অধ্যাপক ড. আকতার বানু। বক্তারা আউটকাম-বেইজড এডুকেশনের ধারণা, এর প্রয়োগ কৌশল এবং বাংলাদেশের উচ্চশিক্ষায় এর সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। তাঁরা গবেষণার মানোন্নয়ন ও প্রমাণভিত্তিক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে এ ধরনের উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন।


এ সময় আরও উপস্থিত ছিলেন অধ্যাপক ড. শেখ মোহাম্মদ কায়েস, অধ্যাপক ড. বাবুল ইসলাম, সহযোগী অধ্যাপক মো. কামাল পাশা এবং অধ্যাপক ড. শফিকুজ্জামান জোয়ার্দ্দারসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, অ্যালমনাই ও শিক্ষার্থীরা।


দুই দিনের কর্মশালায় অংশগ্রহণকারীরা দলভিত্তিক কাজের মাধ্যমে গবেষণা টুলের খসড়া প্রস্তুত ও তা নিয়ে মতবিনিময় করেন। আয়োজকেরা আশা প্রকাশ করেন, কর্মশালায় প্রণীত টুলগুলো ভবিষ্যতে বিশ্ববিদ্যালয় পর্যায়ে ওবিই বাস্তবায়ন ও মূল্যায়নে কার্যকর ভূমিকা রাখবে।