শুক্রবার, মে ০১, ২০২৬

রাজশাহীতে সংবর্ধিত হলেন খানবাহাদুর আহ্ছানউল্লা পুরস্কারপ্রাপ্ত ড. একরাম হোসেন

নিজস্ব প্রতিবেদক ২৯ এপ্রিল ২০২৬ ১০:৩১ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নিজস্ব প্রতিবেদক ২৯ এপ্রিল ২০২৬ ১০:৩১ অপরাহ্ন
রাজশাহীতে সংবর্ধিত হলেন খানবাহাদুর আহ্ছানউল্লা পুরস্কারপ্রাপ্ত ড. একরাম হোসেন

রাজশাহীতে খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) পুরস্কারপ্রাপ্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক ড. মো. একরাম হোসেনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। তিনি আহ্ছানিয়া মিশন রাজশাহী শাখার সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন। তাঁর গবেষণা, জ্ঞানচর্চা ও সমাজসেবামূলক অবদানের স্বীকৃতিস্বরূপ এ সংবর্ধনার আয়োজন করে আহ্ছানিয়া মিশন রাজশাহী শাখা।


সেই লক্ষ্যে বুধবার (২৯ এপ্রিল) বাদ মাগরিব নগরীর ভাটাপাড়া এলাকায় আহ্ছানিয়া মিশন রাজশাহী শাখার সভাপতি ড. তসিকুল ইসলাম রাজার বাসভবনে আয়োজিত এক সভায় তাঁকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, হযরত খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) ছিলেন একজন প্রখ্যাত শিক্ষাবিদ, দার্শনিক ও সমাজসংস্কারক। তাঁর জীবন, কর্ম ও আদর্শ মানুষের কল্যাণে নিবেদিত ছিল। সেই আদর্শকে ধারণ করে গবেষণা ও প্রচারণায় অবদান রাখায় ড. একরাম হোসেন এই সম্মাননায় ভূষিত হয়েছেন।


বক্তারা আরও বলেন, আহ্ছানউল্লার দর্শন আজও সমাজে অত্যন্ত প্রাসঙ্গিক। তাঁর প্রতিষ্ঠিত আহ্ছানিয়া মিশন শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ ধরনের পুরস্কার ও সংবর্ধনা সমাজে ইতিবাচক কর্মকাণ্ডকে উৎসাহিত করে এবং নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করে।


সংবর্ধিত অতিথি অধ্যাপক ড. মো. একরাম হোসেন তাঁর বক্তব্যে আহ্ছানিয়া মিশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এই সম্মাননা তাঁর দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। তিনি ভবিষ্যতেও আহ্ছানউল্লার আদর্শ প্রচার ও গবেষণায় নিজেকে নিয়োজিত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় উপস্থিত ছিলেন খান বাহাদুর আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শহীদুল ইসলাম, আহ্ছানিয়া মিশন রাজশাহী শাখার সভাপতি ড. তসিকুল ইসলাম রাজা, সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ ড. মো. গোলাম মাওলা, সহ-সভাপতি প্রফেসর ড. মজিবর রহমান, সাধারণ সম্পাদক প্রফেসর ড. মো. একরাম হোসেন, কোষাধক্ষ্য ড. নূরজাহান বেগম, যুগ্ম সম্পাদক তরিকুল ইসলাম, সদস্য জাহাঙ্গীর আলম শাহ, মামুনুর রশীদ লালন, গোলাম মোস্তফা, তোরাব আলী আজাদ, ইমরান হোসেন, জাহিদ হাসান পলাশ, ফারুক আহমেদ প্রমুখ।