শুক্রবার, মে ০১, ২০২৬

শিবগঞ্জে জ্বালানি তেল নেয়াকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষে আহত ১০

শিবগঞ্জ প্রতিনিধি ২৯ এপ্রিল ২০২৬ ১০:৩৩ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
শিবগঞ্জ প্রতিনিধি ২৯ এপ্রিল ২০২৬ ১০:৩৩ অপরাহ্ন
শিবগঞ্জে জ্বালানি তেল নেয়াকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষে আহত ১০

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় জ্বালানি তেল নেওয়া ঘটনায় বিরোধের জেরে দুই গ্রামের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (২৯ এপ্রিল) সকাল ১০টার দিকে দাদনচক হল মোড়ে মির্জা ফিলিং স্টেশন এলাকায় ১২ রশিয়া গ্রাম ও দাদনচক গ্রামের বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষ শুরু হয়।


স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (২৭ এপ্রিল) বিকালে দাদনচক ফিলিং স্টেশনে জ্বালানী তেল নেয়ার ঘটনাকে কেন্দ্র করে  বাররশিয়া গ্রামের এক যুবকের সাথে দাদনচক গ্রামের এক যুবকের কথা কাটাকাটি  ও ধস্তাধস্তি হয়। পরের দিন মঙ্গলবার (২৮ এপ্রিল)  উভয় পক্ষের  মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটলে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি শান্ত করে। বুধবার (২৯ এপ্রিল) রাতে দাদনচক গ্রামের আজিজুল হক নামে এক কৃষক বাররশিয়া মাঠে ধানেরর জমিতে সেচ দিতে গেলে বাররশিয়া গ্রামের লোকজন আটকে রাখে।


এর জের ধরে বুধবার সকাল আটটার দিকে মনাকষা-শিবগঞ্জ মেইন রোডের ওপর বাররশিয়া ও দাদনচক মাঝামাঝিতে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা দাওয়া শুরু হয়। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনায় গুরুতর দুইজনসহ মোট ১০জন আহত হয়। গুরুতর আহতদের একজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। অন্য আহতদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। এ সময় এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়। এ সময় দাদনচক হল মোড়ে কয়েকটি দোকানঘর ভাঙচুর ও লুটপাট হয়। 


ঘটনাটির সত্যতা নিশ্চিত করে দূর্লভপুর ইউপি চেয়ারম্যান আজম আলি জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশের সহযোগিতায় পরিস্থিতি শান্ত করি।


পুলিশ সুপার ইয়াসিন আরাফাত ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) একরামুল হক জানান, সংবাদ পেয়ে দ্রুত সংগীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করি।  দুই গ্রামের বাসিন্দাদের আলাদা করে দেয়া হয়। পরে যান চলাচল স্বাভাবিক হয়।


এ ব্যাপারে শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাজহারুল ইসলাম জানান, মির্জা ফিলিং স্টেশন বন্ধ রাখা হয়েছে। রাস্তায় যান চলাচল স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।