নতুন কুঁড়ি স্পোর্টসের নাটোরে খেলোয়াড় বাছাই শুরু
উপজেলা ও পৌরসভা পর্যায়ে নাটোরে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এর খেলোয়াড় বাছাই পর্বের উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৯এপ্রিল) সকাল থেকে দিনব্যাপী সদর উপজেলা হ্যালিপ্যাড মাঠ ও জেলা স্টেডিয়ামে আলাদাভাবে এর উদ্বোধন করেন, নাটোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আরিফ হোসেন এবং নাটোর সদর উপজেলা নির্বাহী অফিসার আরিফ আদনান ।
জানা যায়, ১২ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোরদের অংশগ্রহণে উপজেলা প্রশাসন আয়োজিত এ প্রতিযোগিতায় ফুটবল, ক্রিকেট, কাবাডি, সাঁতার, ব্যাডমিন্টন ও লং জাম্প ইভেন্ট দিয়ে খেলার সূচনা হয়। ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচিতে ৮টি ইভেন্টে জেলায় নিবন্ধিত প্রতিযোগীর সংখ্যা ২ হাজার ২৩১ জন। এসব প্রতিযোগীরা জেলার ৭টি উপজেলা এবং ১ পৌরসভা পর্যায়ের বাছাই কার্যক্রমে অংশগ্রহণ করে।
এর মধ্যে নাটোর সদর উপজেলায় নিবন্ধিত মোট ৩৯৬ জন প্রতিযোগী ফুলবাগান হেলিপ্যাড মাঠে বাছাই কার্যক্রমে উপস্থিত হয়। অন্যদিকে জেলা স্টেডিয়ামে নাটোর পৌরসভার বাছাই কার্যক্রমে অংশগ্রহণ করছে ৮৯ জন বালক এবং ৪৫ জন বালিকা। এর আগে ১২ থেকে ১৪ বছর বয়সী শিক্ষার্থীদের নিবন্ধন কার্যক্রম ২৭ এপ্রিল শেষ হয়।
উদ্বোধনী এ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, নাটোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও পৌর প্রশাসক আরিফ হোসেন, নাটোর জেলা ক্রীড়া সংস্থার অফিসার, রাকিবুল হাসান এছামি, নাটোর পৌরসভার প্রতিনিধি জুলফিকুল আলী হায়দার বাবু।
এ সময় জেলা ক্রীড়া সংস্থার বিভিন্ন পর্যায়ের সদস্য বৃন্দ, উপজেলা ও পৌর এলাকার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থী খেলোয়াড়সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
জেলা ক্রীড়া অফিসার রাকিবুল হাসান এছামী জানান, প্রত্যেক উপজেলা ও নাটোর পৌরসভা থেকে বালক ও বালিকা পর্যায়ে ফুটবলে ১৮ জন, ক্রিকেটে ১৪ জন, কাবাডিতে ১২ জন, সাঁতার ও মার্শাল আর্টে ৮জন,এ্যাথলেটিকসে ৬ জন, ব্যাডমিন্টনে ৪জন এবং দাবায় ২জন করে খেলোয়াড় বাছাই করা হচ্ছে।
খেলা সম্পর্কে অতিরিক্ত জেলা ও পৌর প্রশাসক আরিফ হোসেন বলেন, বর্তমান সরকারের উদ্যোগে তৃণমূল পর্যায় থেকে মেধাবী খেলোয়াড় খুঁজে বের করার লক্ষ্যে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ আয়োজন করা হয়েছে। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে পড়াশোনা, শরীরের যত্ন ও অনুশীলন করার কথা বলেন। এর মধ্য দিয়ে ভালো খেলোয়ার তৈরি হবে এবং বহিঃবিশ্বে বাংলাদেশ থেকে নেতৃত্ব দেবে।
‘স্বপ্নের পথে, বিজয়ের সাথে’ প্রতিপাদ্য নিয়ে ৮টি ইভেন্টে ‘নতুন কুড়ি স্পোর্টস’ শুরু হচ্ছে। এর মধ্যে দলগত ইভেন্টে ফুটবল, ক্রিকেট এবং কাবাডি, দ্বৈত ও একক ইভেন্টে ব্যাডমিন্টন এবং একক ইভেন্টে দাবা, এ্যাথলেটিকস্, সাঁতার ও মার্শাল আর্ট প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য দেশ ব্যাপী আগামী ২ মে প্রধানমন্ত্রী প্রতিটি জেলা পর্যায়ে আয়োজিত নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ এর উদ্বোধন করবেন। ওইদিন নাটোর জেলা স্টেডিয়ামে ফুটবল প্রতিযোগিতার মাধ্যমে জেলা পর্যায়ে নতুন কুঁড়ি স্পোর্টস শুরু হবে।