নিয়ামতপুরে ইয়াবাসহ ২ কারবারি গ্রেপ্তার
নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মোশরাফুল ইসলাম (৪৫) ও একরামুল হক(৪০) নামের ২ কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত সাড়ে দশটার দিকে উপজেলা সদরের নেহেন্দা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন, নেহেন্দা এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে মোশরাফুল ইসলাম ও একই এলাকার আফাজ উদ্দিনের ছেলে একরামুল হক।
এজাহার ও থানা সূত্রে জানা গেছে, গতকাল রাতে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে উপজেলা সদরের নেহেন্দা নামক এলাকায় দীর্ঘদিন ধরে ইয়াবার ব্যবসা চলে আসছিল। পুলিশ তাদের খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত দু’জন পালানোর চেষ্টা করলে পুলিশ তাদের আটক করে। পুলিশ তাদের দেহ তল্লাশি করলে মোশরাফুল ইসলামের কাছ থেকে ৬০০ পিচ ও একরামুল হকের কাছ থেকে ২০০ পিচ ইয়াবা উদ্ধার করে।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান পিপিএম বলেন, এ ঘটনায় দুজনকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।