ঈশ্বরদীতে খাল খনন উদ্বোধন
পাবনার ঈশ্বরদীতে খাল খনন কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের ইজিপিপি প্রকল্পের আওতায় এই খাল খনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের চন্দ্রাবতী খালের শ্যামপুর হাজাম পাড়া থেকে সারোটিয়া বাজার পর্যন্ত ৭৫০ মিটার দৈর্ঘ অংশের খাল ভরাট হয়ে পড়ায় নতুন করে তা খনন করা হচ্ছে বলে উপজেলা প্রশাসন নিশ্চিত করেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মসূচীর উদ্বোধন করেন পাবনা জেলা বিএনপির আহবায়ক ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব। সভাপতিত্ব করেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হাসান মোহাম্মদ শোয়াইব। খাল খনন কর্মসূচী উপলক্ষ্যে শ্যামপুরে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাশুড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. শরিফুল ইসলাম তুহিন, ঈশ্বরদীর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আসাদুজ্জামান সরকার, ঈশ্বরদী পৌর নির্বাহী কর্মকর্তা মো. জহুরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সেহাব উদ্দিন।
ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার হাসান মোহাম্মদ শোয়াইব জানান, খাল খননের এই প্রকল্পের মাধ্যমে এলাকার অতি দরিদ্র জনগোষ্ঠীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং একই সঙ্গে খাল খননের মাধ্যমে পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হবে।
ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিনিধি প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সেহাব উদ্দিন জানান, এ কর্মসূচীর জন্য ৫৪ লাখ টাকা বরাদ্দ রয়েছে যা শ্রমিকদের মজুরি ও মাটি কাটার যন্ত্র বাবদ ব্যয় হবে। দুর্যোগ ও প্রধানমন্ত্রীর নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে এই খাল খনন কর্মসূচী বাস্তবায়িত হচ্ছে। এর মাধ্যমে ঈশ্বরদীর কৃষি ও সেচ ব্যবস্থা উন্নত হবে, এলাকার সাধারণ মানুষ ও কৃষকরা এতে উপকৃত হবেন।