শুক্রবার, মে ০১, ২০২৬

ঈশ্বরদীতে কৃষকদের নিয়ে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত

ঈশ্বরদী প্রতিনিধি ২৯ এপ্রিল ২০২৬ ১০:৫৪ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
ঈশ্বরদী প্রতিনিধি ২৯ এপ্রিল ২০২৬ ১০:৫৪ অপরাহ্ন
ঈশ্বরদীতে কৃষকদের নিয়ে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত

পাবনার ঈশ্বরদীতে কৃষকদের উন্নয়ন, আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার এবং কৃষি পণ্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) ঈশ্বরদী আঞ্চলিক কৃষি গবেষণা ও ডাল গবেষণা কেন্দ্রের মিলনায়তনে এ কংগ্রেসের আয়োজন করে ঈশ্বরদী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার হাসান মোহাম্মদ শোয়াইব অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পাবনার উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম প্রামাণিক।


স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আব্দুল মমিন। বক্তব্য দেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মো. ধীমান তানভীর সাক্ষর, উপসহকারি কৃষি অফিসার মো. জাহিদ হাসান হিরোক। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সমবেত কৃষকদের কৃষি আবাদের পাশাপাশি গবাদী পশু পালন ও সমবায়ী হতে আগ্রহী করে তুলতে প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা আকলিমা খাতুন ও উপজেলা সমবায় অফিসার আকন্দ রাব্বে উল্লাহ মানিক।


অনুষ্ঠানে উন্নত জাতের ফসল ও কৃষিপণ্যের প্রদর্শনী স্টলে আধুনিক কৃষিপণ্যের প্রদর্শনী করা হয়। পার্টনার কংগ্রেসে উপস্থিত বক্তা ও আয়োজকরা বলেন, কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, পুষ্টিকর খাদ্য উৎপাদন বৃদ্ধি এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করা গেলে কৃষকরা আর্থিকভাবে লাভবান হবেন। পাশাপাশি কৃষিকে বাণিজ্যিকীকরণ ও জলবায়ু সহনশীল করে তুলতে ‘পার্টনার’ প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।


এসময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পাবনার উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম প্রামাণিক বলেন, নতুন উদ্যোক্তা সৃষ্টি, এলাকার বাইরে এমনকি আন্তর্জাতিক পরিসরে কৃষিপণ্যের বাজারজাতকরণ, উন্নত জাতের ফসল সম্প্রসারণ এবং প্রান্তিক কৃষকদের মধ্যে আধুনিক কৃষি তথ্য ছড়িয়ে দেওয়ার মাধ্যমে কৃষকদের স্বাবলম্বি ও বানিজ্যিক ভিত্তিতে আবাদী হিসেবে গড়ে তোলাই এ কংগ্রেসের মূল লক্ষ্য। ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠানে উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধিসহ শতাধিক কৃষক-কৃষাণী অংশগ্রহণ করেন।