শুক্রবার, মে ০১, ২০২৬

রাজশাহী বিএনএসবি চক্ষু হাসপাতালের চিকিৎসা সেবা কার্যক্রম শুরু শুক্রবার

নিজস্ব প্রতিবেদক ২৯ এপ্রিল ২০২৬ ১১:১০ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নিজস্ব প্রতিবেদক ২৯ এপ্রিল ২০২৬ ১১:১০ অপরাহ্ন
রাজশাহী বিএনএসবি চক্ষু হাসপাতালের চিকিৎসা সেবা কার্যক্রম শুরু শুক্রবার
সংগৃহীত ছবি

টাকার অভাবে একজন মানুষও যেন অন্ধত্বকে বরণ না করে এমন মহতী ব্রত নিয়ে শুক্রবার (১ মে) থেকে রাজশাহী মহানগরীতে চক্ষু রোগীদের চিকিৎসা সেবা কার্যক্রম শুরু হচ্ছে।


বাংলাদেশের জাতীয় সমাজসেবামূলক ও স্বেচ্ছাসেবী সংগঠন বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতির রাজশাহী শাখার উদ্দোগে নগরীর রানীনগর এলাকায় একটি ভাড়া বাড়িতে বিএনএসবি চক্ষু হাসপাতালের চিকিৎসা সেবা শুরু হবে। অভিজ্ঞ চক্ষু চিকিৎসকদের তত্ত্বাবধানে এই সেবা প্রাথমিকভাবে প্রতি শুক্রবার চালু থাকবে। এরপর রোগীদের চাহিদার কথা বিবেচনা করে তা প্রতিদিন চালু করার কথা রয়েছে। অত্যন্ত কম খরচে এই চিকিৎসা সেবা প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। গরীব ও অসহায় চক্ষু রোগীদের চিকিৎসার জন্য কোন খরচ নেয়া হবেনা। এমনকি গরীব রোগীদের ছানি অপারেশন সম্পুর্ন বিনামূল্যে করা হবে।


শুক্রবার সকাল ১০টায় বিএনএসবি চক্ষু হাসপাতালের সভাকক্ষে চিকিৎসা সেবা উদ্বোধন করবেন চাঁপাইনবাবগঞ্জের বিশিষ্ট সমাজসেবক ও সমিতির অন্যতম উপদেষ্টা শফিকুল আলম ভোতা। সভাপতিত্ব করবেন সমিতির চেয়ারম্যান এবং চাঁপাইনবাবগঞ্জ চক্ষু হাসপাতালের প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার একেএম, খাদেমুল ইসলাম ফিকশন। সমিতির সাধারণ সম্পাদক মুরতজা রেজা কোরাইশীর সাবিক তত্ত্বাবধানে পরিচালিত এই সেবামুলক কাজে সমাজের বিত্তশালী ব্যক্তিদের সাহায্য ও সহযোগিতা কামনা করা হয়েছে।


উল্লেখ্য, প্রায় চার দশক আগে বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতির রাজশাহী শাখা প্রতিষ্ঠা লাভ করলেও তেমন কোন চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালনা করা হয়নি। তবে ২০১৮ সালে এই সমিতি কেন্দ্রীয় কমিটির অনুমোদন প্রাপ্তির পর ঠাকুরমারা এলাকায় চিকিৎসা সেবা প্রদান করা হলেও অতিমারি করোনার সময় সেই চিকিৎসাসেবা বন্ধ হয়ে পড়ে। পরবর্তীতে গত বছরের নভেম্বর মাসে সমাজসেবামূলক এই জাতীয় সমিতির চাঁপাইনবাবগঞ্জ শাখার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও পরবর্তীতে চেয়ারম্যান প্রকৌশলী একেএম খাদেমুল ইসলামকে রাজশাহী শাখার চেয়ারম্যানের দায়িত্ব প্রদান করার পর চক্ষু হাসপাতালের নতুনভাবে কার্যক্রম শুরুর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। 


রাজশাহীতে চাঁপাইনবাবগঞ্জ চক্ষু হাসপাতালের ন্যায় অনুরুপ একটি পূর্ণাঙ্গ চক্ষু হাসপাতাল প্রতিষ্ঠার জন্য সরকারি খাস জমি লীজ আকারে প্রাপ্তির জোর প্রচেষ্টা চলছে বলে সমিতির সাধারণ সম্পাদক মুরতজা রেজা কোরাইশী জানিয়েছেন। ইতিমধ্যে রাজশাহীর ডেপুটি কমিশনার তথা জেলা প্রশাসনের এল,এ শাখা থেকে ১০ শতক জমি বন্দোবস্ত করার প্রস্তাব ভূমি মন্ত্রণালয়ে প্রেরণ হয়েছে। উক্ত জমিটি প্রতীকী মুল্যে বন্দোবস্ত বা লীজ পাওয়া গেলে সেই জমির উপর জনকল্যাণ ও জনস্বার্থে রাজশাহী বিএনএসবি চক্ষু হাসপাতালের নির্মাণ কাজ শুরু করা হবে। জমি প্রাপ্তির আগে পর্যন্ত সমিতির নিজস্ব অর্থায়নে ভাড়া বাড়িতে কিংবা অন্য কোনভাবে চক্ষু হাসপাতালের চিকিৎসাসেবা অব্যাহত থাকবে বলে জানা গেছে। আগামী ৬ মাসের মধ্যেই এই চক্ষু হাসপাতালে মানসম্মত ও আধুনিক অপারেশন থিয়েটার চালু করা হবে বলে উদ্দোক্তারা জানিয়েছেন। 


এই চক্ষু হাসপাতালে কম খরচে চিকিৎসা সেবা ও পরামর্শ গ্রহণের জন্য জেলাবাসীর প্রতি আহবান জানানো হয়েছে।