ভোলাহাটে ৮ হাজার লিটার তেল পাচারের ঘটনায় গ্রেপ্তার ২
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে আট হাজার লিটার জ্বালানি তেল পাচারের ঘটনায় দায়েরকৃত মামলায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৯ এপ্রিল) বিকেল ৪টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক।
গ্রেপ্তারকৃতরা হলেন, ভোলাহাট থানার খালে আলমপুর গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে সাখাওয়াত হোসেন ওরফে মোজি ও একই থানার সাহাসপুর গ্রামের মো. জাকির আজমের ছেলে মো. রাশেদুল ইসলাম ওরফে হৃদয়। সাখাওয়াত হোসেন ওরফে মোজি পাম্প মালিক আব্দুল লতিফের আপন ছোট ভাই এবং হৃদয় উক্ত পাম্পের ম্যানেজার হিসেবে চাকরিরত রয়েছেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, জ্বালানি তেলের কৃত্রিম সংকট তৈরি করে অবৈধভাবে পাচারের প্রস্তুতিকালে পুলিশ অভিযান চালিয়ে প্রায় আট হাজার লিটার ডিজেলসহ একটি ট্রাক ও ড্রাম জব্দ করে। পরে গত মঙ্গলবার রাতে এই ঘটনায় একটি মামলা দায়ের করা হয় এবং জড়িত থাকার অভিযোগে মোজি ও হৃদয়কে গ্রেপ্তার করা হয়।
ওসি আব্দুল বারিক বলেন, জ্বালানি তেল পাচারের অপরাধে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং বিশেষ ক্ষমতা আইনের ধারায় গ্রেপ্তার দেখিয়ে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, গত সোমবার (২৭ এপ্রিল) দিবাগত রাতে ভোলাহাট ফিলিং স্টেশন থেকে প্রায় চার কিলোমিটার দূরে নির্জন এলাকার হিরো নামক ইটভাটায় তেলের লরি প্রবেশ করে। সেখানে লরি থেকে ড্রামে তেল খালাস করে ট্রলিতে তুলে পাচারের চূড়ান্ত প্রস্তুতি চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে পাচারকারীরা পালিয়ে যায়। পরে পুলিশ সেখান থেকে তেলবাহী গাড়ি, পাচারে ব্যবহৃত ট্রলি ও তেলের ড্রামগুলো জব্দ করে থানায় নিয়ে আসে।