সোমবার, আগস্ট ২৪, ২০২৬

রাকাবের ৪৫তম বুনিয়াদি প্রশিক্ষণের সমাপনী

নিজস্ব প্রতিবেদক ৩০ এপ্রিল ২০২৬ ১১:২৪ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নিজস্ব প্রতিবেদক ৩০ এপ্রিল ২০২৬ ১১:২৪ অপরাহ্ন
রাকাবের ৪৫তম বুনিয়াদি প্রশিক্ষণের সমাপনী

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে (রাকাব) নব নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের ৪৫তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাকাব প্রশিক্ষণ ইনস্টিটিউটে এ সমাপনী হয়। 


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাকাব পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ড. মোহাম্মদ আলী। প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ সুব্রত কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) গোলাম মরতুজা এবং রাজশাহী বিভাগের মহাব্যবস্থাপক মিজানুর রহমান। মাসব্যাপী প্রশিক্ষণ কোর্সে মোট ৪০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।


অনুষ্ঠানের প্রধান অতিথি ড. মোহাম্মদ আলী প্রশিক্ষণে অংশগ্রহণকারী সকলকে প্রশিক্ষণলব্ধ জ্ঞান বাস্তবক্ষেত্রে কাজে লাগিয়ে সততা ও দক্ষতা অর্জনের পাশাপাশি পেশাগত দক্ষতা অর্জনের উপর গুরুত্বারোপ করেন। প্রতিষ্ঠানকে ভালোবেসে, নিজেদের মধ্যে ধারণ করে কাজ করার পরামর্শ প্রদান করেন।


বিশেষ অতিথির বক্তবে ব্যবস্থাপনা পরিচালক গোলাম মরতুজা প্রশিক্ষণার্থীদেরকে সৎ, দক্ষ ও যোগ্য ব্যাংকার হিসেবে গড়ে তোলার মাধ্যমে উত্তম গ্রাহক সেবা নিশ্চিতের আহ্বান জানান। তিনি বর্তমান প্রতিযোগীতামূলক ব্যাংকিং ব্যবস্থায় বিভিন্ন ইনোভেটিভ আইডিয়া সৃষ্টি ও বাস্তবায়নের উপর গুরুত্বারোপ করেন। 


অনুষ্ঠান শেষে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী প্রশিক্ষণার্থীদেরকে পুরস্কার এবং কোর্সে অংশগ্রহণকারী সকলকে সনদপত্র ও ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন অনুষদ সদস্য রেজা শাহ ওমর চৌধুরী।