শুক্রবার, মে ০১, ২০২৬

কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন ও ব্র্যাকের উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালা

সংবাদ বিজ্ঞপ্তি ৩০ এপ্রিল ২০২৬ ১১:৩৫ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ৩০ এপ্রিল ২০২৬ ১১:৩৫ অপরাহ্ন
কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন ও ব্র্যাকের উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালা

রাজশাহী সিটি আইডিয়াল স্কুলে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন (বিকেএ) ও ব্র্যাকের যৌথ উদ্যোগে এডুকেটরদের জন্য দুই দিনব্যাপী এক বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বর্তমানে এই প্রশিক্ষণের দ্বিতীয় পর্যায় চলছে, যেখানে ৮টি কিন্ডারগার্টেন স্কুলের ৩৭ জন এডুকেটর প্রশিক্ষণ গ্রহণ করছেন।


এই প্রশিক্ষণ কর্মশালাটি মূলত ব্র্যাক শিক্ষা কর্মসূচির আওতাধীন ‘এআই অপরচুনিটি ফান্ড’ এশিয়া প্যাসিফিক  প্রকল্পের একটি অংশ। সিঙ্গাপুর ভিত্তিক আন্তর্জাতিক দাতা সংস্থা এভিপিএন লিমিটেডের অর্থায়নে ব্র্যাক শিক্ষা কর্মসূচির আওতায় এই ১৬ মাস মেয়াদী প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে।


প্রকল্পটির অন্যতম প্রধান লক্ষ্য হলো এডুকেটরদের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তিতে দক্ষ করে তোলা। এর মাধ্যমে অংশগ্রহণকারী এডুকেটররা এআই টুলস ব্যবহার করে উন্নত পাঠদান পদ্ধতি পরিচালনা, শিক্ষার্থীদের মূল্যায়ন এবং ইন্টারেক্টিভ কন্টেন্ট বা আধুনিক শিখন উপকরণ তৈরি করতে পারবেন। এই প্রকল্পের আওতায় সারা দেশে মোট ২০,০০০ পেশাজীবীকে প্রশিক্ষিত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যার মধ্যে এডুকেটর গোষ্ঠীটি অন্যতম প্রধান উপকারভোগী হিসেবে বিশেষ গুরুত্ব পাচ্ছে।


রাজশাহীর এই প্রশিক্ষণ কর্মশালাটি পরিচালনা করছেন ব্র্যাকের প্রশিক্ষক আব্দুল্লাহ আল মাসুদ। অনুষ্ঠান চলাকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন-এর কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক মিজানুর রহমান, রাজশাহী মহানগর শাখার সভাপতি রফিক আলম, সহ-সভাপতি প্রশিক্ষণ কর্মশালার আহ্বায়কজ ড. ইব্রাহিম হোসেন, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রিপন এবং শিক্ষা সম্পাদক প্রশিক্ষণ কর্মশালার সদস্য সচিব মনোয়ার হোসেন।বক্তারা বলেন, বর্তমান বিশ্বে কৃত্রিম বুদ্ধিমত্তা শিক্ষা ও উন্নয়নের প্রতিটি ক্ষেত্রে দ্রুত পরিবর্তন আনছে। এডুকেটরদের এই প্রযুক্তিতে দক্ষ করার মাধ্যমে ডিজিটাল সুযোগের বৈষম্য কমিয়ে আনা সম্ভব এবং এটি একটি আধুনিক ও স্মার্ট শিক্ষা ব্যবস্থা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।