চাঁপাইনবাবগঞ্জে সন্ত্রাসীদের হামলায় দুই সাংবাদিক আহত
চাঁপাইনবাবগঞ্জে সন্ত্রাসীদের হামলার দুই সাংবাদিক আহত হয়েছেন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেন।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে শহরের বাতেন খাঁ মোড়ে এ হামলার ঘটনা ঘটে।
আহতরা হলেন- চ্যানেল ওয়ান ও মাই টিভির জেলা প্রতিনিধি তারেক রহমান ও তারেক আজিজ।
হামলার শিকার সাংবাদিক ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ১০টার দিকে বাতেন খাঁ মোড়ে বসে চা খাচ্ছিলেন তারেক রহমান ও তারেক আজিজ। এ সময় পুলিশের তালিকাভূক্ত সন্ত্রাসী রাব্বির নেতৃত্বে ৬-৭ জন অতর্কিত হামলা চালায়। সন্ত্রাসীরা তারেক রহমানকে রাস্তায় ফেলে প্রায় ৩০ মিনিট ধরে মারধর করা হয়। তারেক আজিজকে ভাঙা চায়ের কাপ দিয়ে আঘাত করলে তার হাতের আঙুল কেটে যায়। হামলার পর সন্ত্রাসীরা চলে গেলে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে যান।
তারেক রহমান বলেন, হত্যার উদ্দেশ্যেই সন্ত্রাসীরা আমাদের উপর হামলা করেছে। রাস্তায় ফেলে মারধরের সময় তারা বারবার আমার গলা টিপে শ্বাসরোধ করার চেষ্টা করছিলো।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি একরামুল হোসাইন বলেন, ভুক্তভোগী দুই সাংবাদিকের শরীরে আঘাতের চিহ্ন আছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আসামিদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ। তিনি আরও বলেন, হামলাকারী রাব্বীর বিরুদ্ধে হত্যাসহ ৯ টি মামলা রয়েছে। তবে সবগুলো মামলায় তিনি জামিনে রয়েছেন।
চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাব, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাব ও সিটি প্রেসক্লাবের নেতৃবৃন্দ এ হামলার তীব্র নিন্দা ও দোষীদের গ্রেফতারের দাবী জানিয়েছেন।