আধুনিক আবাসনের নতুন দিগন্ত, রাজশাহীর রিয়েল এস্টেটে নতুন সংযোজন ‘অ্যাস্টোরিয়া সিগনেচার’
রাজশাহীর রিয়েল এস্টেট খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করে রিলায়েন্ট ডেভেলপমেন্টস লিমিটেডের ‘অ্যাস্টোরিয়া সিগনেচার’ লঞ্চের উদ্বোধন করা হয়েছে। আধুনিক সুযোগ-সুবিধা ও নান্দনিক নকশায় নির্মিত এ প্রকল্পটি নগর জীবনে নতুন মাত্রা যোগ করবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। শুক্রবার (১ মে) পবা উপজেলার সন্তোষপুর এলাকায় ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে প্রকল্পটির উদ্বোধন করেন জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা সাহা মিম। এ সময় তিনি শেয়ার হোল্ডার তৌহিদুল ইসলাম, সাইফুল ইসলাম, প্রফেসর মোহাম্মদ আতাউর রহমান এবং অধ্যক্ষ কালা চাঁদ শীলের হাতে চুক্তি স্মারক তুলে দেন।
অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে বিদ্যা সিনহা সাহা মিম বলেন,“রাজশাহীর মতো একটি সম্ভাবনাময় শহরে এমন একটি আধুনিক আবাসন প্রকল্প নিঃসন্দেহে সময়োপযোগী উদ্যোগ। এটি নাগরিকদের উন্নত জীবনযাপনের সুযোগ তৈরি করবে এবং শহরের অবকাঠামোগত উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।”
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন রিলায়েন্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক নায়েব মাহুদ। তিনি বলেন,“আমরা গ্রাহকদের আস্থা ও চাহিদাকে গুরুত্ব দিয়ে প্রতিনিয়ত মানসম্মত প্রকল্প বাস্তবায়নের চেষ্টা করছি। ‘অ্যাস্টোরিয়া সিগনেচার’ সেই প্রচেষ্টারই একটি নতুন উদাহরণ।”
রিলায়েন্ট ডেভেলপমেন্টস লিমিটেডের চেয়ারম্যান জিয়াউল ইসলাম প্রকল্পটির সার্বিক দিক তুলে ধরে বলেন, এতে আধুনিক স্থাপত্যশৈলী, উন্নত নিরাপত্তা ব্যবস্থা এবং পরিবেশবান্ধব পরিকল্পনার সমন্বয় ঘটানো হয়েছে। যা বসবাসকারীদের জন্য আরামদায়ক ও নিরাপদ আবাসন নিশ্চিত করবে।
এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক আমানুত উল্লাহ, পরিচালক তানজিলুর রহমান এবং জমির মালিক শরিফুল ইসলাম শাজু। বক্তারা প্রকল্পটির বিভিন্ন দিক তুলে ধরে রাজশাহীর আবাসন খাতে এর ইতিবাচক প্রভাবের কথা উল্লেখ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা প্রকল্পটির নকশা, সুযোগ-সুবিধা ও পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করেন এবং এর সামগ্রিক উপস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন।
সংশ্লিষ্টরা মনে করছেন, ‘অ্যাস্টোরিয়া সিগনেচার’ শুধু একটি আবাসন প্রকল্প নয়, বরং রাজশাহীর আধুনিক নগরায়নের প্রতিচ্ছবি হিসেবে কাজ করবে এবং ভবিষ্যতে এ অঞ্চলের রিয়েল এস্টেট খাতে নতুন মানদণ্ড স্থাপন করবে।