অনিয়মের অভিযোগে ঠিকাদারকে থাপ্পড় মারলেন ছাত্রদল নেতা
নাটোরের বাগাতিপাড়ায় নির্মাণাধীন মিনি স্টেডিয়াম প্রকল্পে অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে সাব-কন্ট্রাক্টরকে মারধরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জেলা ছাত্রদলের এক নেতার বিরুদ্ধে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। শুক্রবার (১ মে) দুপুরে উপজেলার মাছিমপুর এলাকায় নির্মাণাধীন মিনি স্টেডিয়াম প্রকল্পে এ ঘটনা ঘটে। সম্প্রতি ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোচনা শুরু হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে বাগাতিপাড়া পৌরসভার মাছিমপুর এলাকায় ‘মিনি স্টেডিয়াম নির্মাণ প্রকল্প-২য় পর্যায় (১ম সংশোধিত)’ বাস্তবায়নাধীন রয়েছে। প্রায় ৮ কোটি ৭৫ লাখ ৪৮ হাজার ৩১৭ টাকা ব্যয়ে প্রকল্পটির কাজ করছে চট্টগ্রামের ঠিকাদারি প্রতিষ্ঠান ফ্রেন্ডস ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কন্ট্রাকশন ওয়ার্কস।
অভিযোগ রয়েছে, প্রকল্পের সীমানা প্রাচীর নির্মাণে নিম্নমানের ইট ব্যবহার এবং মাঠ ভরাটে বালুর পরিবর্তে মাটি ব্যবহার করা হচ্ছে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে শুক্রবার দুপুরে নাটোর জেলা ছাত্রদলের সদস্য বিপুল সরদার শুভ, বাগাতিপাড়া পৌর যুবদলের আহ্বায়ক মুক্তার হোসেনসহ কয়েকজন নির্মাণকাজ পরিদর্শনে যান।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, নির্মাণকাজের মান নিয়ে সাব-কন্ট্রাক্টর মাহবুব হোসেনের সঙ্গে তাদের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে উত্তেজনার মধ্যে বিপুল সরদার শুভ সাব-কন্ট্রাক্টর মাহবুব হোসেনকে থাপ্পড় মারেন।
বিপুল সরদার শুভ দাবি করেন, নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের বিষয়ে কথা বলতে গেলে তাকে অপমানজনক মন্তব্য করা হয়। এতে উত্তেজিত হয়ে তিনি ওই আচরণ করেন।
অন্যদিকে সাব-কন্ট্রাক্টর মাহবুব হোসেন বলেন, প্রকল্পে কোনো অনিয়মের অভিযোগ থাকলে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে তদন্ত হওয়া উচিত। শারীরিকভাবে লাঞ্ছিত হওয়ার বিষয়টি অনাকাক্সিক্ষত এবং তিনি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন।
নাটোর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মারুফ ইসলাম সৃজন বলেন, কোনো ব্যক্তি বা সংগঠন নিজ উদ্যোগে তদন্ত পরিচালনা করতে পারে না। অভিযোগ থাকলে তা যথাযথ কর্তৃপক্ষকে জানাতে হবে। ঘটনার সত্যতা প্রমাণিত হলে সাংগঠনিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আলাউদ্দিন বলেন, বিষয়টি আমার নজরে এসেছে। অনিয়মের ব্যাপারে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।