রবিবার, মে ০৩, ২০২৬

নিয়ামতপুরে পালিত হলো ‘ভাবিচা গণহত্যা দিবস’

নিয়ামতপুর প্রতিনিধি ০২ মে ২০২৬ ১১:০৩ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নিয়ামতপুর প্রতিনিধি ০২ মে ২০২৬ ১১:০৩ অপরাহ্ন
নিয়ামতপুরে পালিত হলো ‘ভাবিচা গণহত্যা দিবস’

নওগাঁর নিয়ামতপুরে ‘ভাবিচা গণহত্যা দিবস’ পালিত হয়েছে। ১৯৭১ সালের ২মে পাকবাহিনীর গুলিতে উপজেলার ভাবিচা ইউনিয়নের ভাবিচা গ্রামের চারজন ব্যক্তি শহীদ হন। তাদের স্মরণে ভাবিচা গ্রামবাসীর এ দিবস পালিত হয়।


শনিবার (০২ মে) দিনের শুরুতেই গ্রামের মন্দির প্রাঙ্গণে চারজন শহীদদের স্মরণে অস্থায়ী বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন গ্রামবাসী। শ্রদ্ধা নিবেদন শেষে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপরে তাঁদের আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনা করা হয়। সবশেষে স্মরণ সভা ও গীতা পাঠ অনুষ্ঠিত হয়।


জানা গেছে, ১৯৭১ সালের ২মে আনুমানিক দুপুর তিনটার দিকে পাকবাহিনী নির্বিচারে গুলি চালিয়ে ভাবিচা গ্রামের চারজন নিরীহ মানুষকে হত্যা করে ও বাড়িঘরে আগুন লাগিয়ে দেয়।


পাকবাহিনীর গুলিতে শহীদরা কমলা সুন্দরী, ভগিরথ মন্ডল, জগদীশ মহন্ত ও বিমল মহন্ত।


শহীদ কমলা সুন্দরীর মেয়ে মালতী হাজরা বলেন, ‘১৯৭১ ২মে পাকবাহিনীর গুলিতে আমার মা সহ গ্রামের  চারজন মানুষ মারা গিয়েছিল। তাদের স্মৃতির স্মরণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ একটা ‘স্মৃতিস্তম্ভ’ তৈরি করে দিলে  সেখানে প্রতিবছর ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা সম্ভব হতো। নতুন প্রজন্ম এই চারজনসহ  ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে যাঁরা জীবন দিয়েছেন তাঁদের ব্যাপারে জানতে পারতো।


এসময় উপস্থিত ছিলেন গ্রামের বাসিন্দা পল্লী চিকিৎসক কিরেন্দ্রনাথ মন্ডল, শিক্ষক সবুজ সরকার, কালিপদ সরকার, দ্বীপ বৈরাগী, আরতী রানী, বিজয়া মন্ডল, ভারতী রানী, শেফালী সাহা, বেবি রানী প্রমুখ।