রবিবার, মে ০৩, ২০২৬

শিবগঞ্জে ষড়যন্ত্রের মাদক দিয়ে আটকের প্রতিবাদে ও তার মুক্তির দাবিতে এলাকাবাসীর মানবববন্ধন

শিবগঞ্জ প্রতিনিধি ০২ মে ২০২৬ ১১:০৯ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
শিবগঞ্জ প্রতিনিধি ০২ মে ২০২৬ ১১:০৯ অপরাহ্ন
শিবগঞ্জে ষড়যন্ত্রের মাদক দিয়ে আটকের প্রতিবাদে ও  তার মুক্তির দাবিতে এলাকাবাসীর মানবববন্ধন

শিবগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে মাদক দিয়ে বিকাশ কুমার দাস নামে নির্দোষ ব্যক্তিকে প্রশাসনের মাধ্যমে আটক করিয়ে ফাঁসানোর প্রতিবাদে ও আটককৃত বিকাশ কুমারের মুক্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী । শনিবার (২ মে) বিকেলে উপজেলার মোবারকপুর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের রাধে শ্যাম দাসের ছেলে শ্রী বিকাশ কুমার দাসের মুক্তির দাবিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। আটককৃত ব্যক্তির স্ত্রী দীপালি রাণী দাস বলেন, আমার স্বামী একজনসহজ সরল কৃষক, জমি থেকে ঘাস কেটে শুধু গরু পালে।


কখনো অবৈধ কোন ব্যবসার সাথে জড়িত নয়। অথচ গত ২৪ এপ্রিল কে বা কারা আমার বাড়ির দরজার সামনে মাদক রেখে পুলিশ ডেকে ধরিয়ে দিয়েছে। আমরা আমার সহজ সরল ও নিরপরাধ স্বামী বিকাশ কার দাসের সাজানো মামলা প্রত্যাহার করে মুক্তির দাবি করছি। আটককৃত ব্যক্তির মেয়ে পূজা রাণীও একই দাবি করে বক্তব্য রাখেন।


এসময় আটককৃত ব্যক্তির প্রতিবেশী ও এলাকার হারুন অর রশিদ, শামসুল হক, আফজাল হোসেন, শ্রী প্রভাত দাস ও সত্য সাহা আটককৃত বিকাশ কুমার দাসকে পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে উল্লেখ করে এবং তাকে সম্পূর্ণ নির্দোষ ও নিরপরাধ দাবি করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে মুক্তির দাবী ও দোষী ব্যক্তির বিচার দাবি করেছেন। এসময় এলাকার মুসলিম ও হিন্দু ধর্মের শত শত পুরুষ, নারী, শিশু ও বৃদ্ধ সহ ইমাম, খতিব ও বিভিন্ন পেশাজীবী মানুষ বিকাশ কুমারকে নিরপরাধ ও নির্দোষ দাবি করে মানববন্ধনে অংশ নেয়।