রবিবার, মে ০৩, ২০২৬

নাটোরে শুরু নতুন কুঁড়ি স্পোর্টস

নাটোর প্রতিনিধি ০২ মে ২০২৬ ১১:২০ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নাটোর প্রতিনিধি ০২ মে ২০২৬ ১১:২০ অপরাহ্ন
নাটোরে শুরু নতুন কুঁড়ি স্পোর্টস

দেশের ক্রীড়াক্ষেত্রে উন্নয়ন এবং তৃণমূল পর্যায় থেকে জাতীয় পর্যায়ে দক্ষ ক্রীড়াবিদ গড়ে তোলার লক্ষ্যে সরকারের উদ্যোগে শনিবার (২ মে) শুরু হয়েছে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬। শনিবার বিকেল ৩টায় সিলেট জেলা স্টেডিয়াম থেকে ভার্চুয়ালি দেশব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 


অনুষ্ঠানটি সারা দেশে একযোগে সরাসরি সম্প্রচার করা হয়। এর অংশ হিসাবে নাটোর জেলা স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানটি বড় পর্দায় প্রদর্শনের আয়োজন করা হয়।


এ উদ্যোগকে কেন্দ্র করে সারাদেশে ক্রীড়ামুখী পরিবেশ সৃষ্টির অংশ হিসেবে নাটোর জেলা প্রশাসনের আয়োজনে শনিবার বিকালে নাটোর স্টেডিয়ামে জেলা ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এর সূচনা করা হয়। 


উৎসবমুখর এ আয়োজনে উপস্থিত ছিলেন, নাটোর জেলা পরিষদের  প্রশাসক ও জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজ, নাটোরের  অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট ও পৌর প্রশাসক আরিফ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবুল হায়াত, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল উদর কুমার শাহা, জেলা ক্রীড়া অফিসার রাকিবুল ইসলাম এছামী, নাটোর পৌর সভার  সাবেক মেয়র শেখ এমদাদুল হক আল মামুন, বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ, বিএনপি অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন ক্লাবের খেলোয়াড়রা।


পরে উদ্বোধনী এ খেলায় গুরুদাসপুর উপজেলা দল ও বাগাতিপাড়া উপজেলা দলের মধ্যে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। এ খেলায় নির্দিষ্ট সময় কোন পক্ষ গোল করতে না পারায়, খেলাটি টাইব্রেকারে গড়ায়।


টাইব্রেকারে ৪-৩ গোলে গুরুদাসপুর উপজেলা দলকে পরাজিত করে বাগাতিপাড়া উপজেলা দল বিজয় অর্জন করে। 


এ আয়োজনে বিভিন্ন উপজেলা  ও পৌরসভা থেকে আগত কিশোর-কিশোরীরা নানা খেলাধুলায় অংশগ্রহণ করে প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি করে।