লালপুর-বাগাতিপাড়াকে মাদক, চাঁদাবাজি ও হ্যাকিংমুক্ত করা হবে: প্রতিমন্ত্রী পুতুল
সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমীন পুতুল বলেছেন, দীর্ঘ সময় ধরে ধ্বংসস্তূপে পরিণত হওয়া বাংলাদেশকে পুনরুদ্ধার করে উন্নয়নের ধারায় এগিয়ে নিতে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। টেকসই উন্নয়ন নিশ্চিত করতে দেশের সর্বত্র ব্যাপক উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়ন করা হচ্ছে।
রোববার (৩ মে) নাটোরের লালপুর উপজেলার চন্দনা ও খলিসাডাঙ্গা খাল পুনঃখনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী আরও বলেন, দেশের পানি ব্যবস্থাপনা ও কৃষি উন্নয়নকে শক্তিশালী করতে সারাদেশে প্রায় ৩০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন কার্যক্রম শুরু হয়েছে। খাল পুনঃখননের মাধ্যমে একদিকে যেমন কৃষিতে সেচ সুবিধা বাড়বে, অন্যদিকে স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টি ও এলাকার সামগ্রিক উন্নয়ন ত্বরান্বিত হবে।
প্রতিমন্ত্রী ফারজানা শারমীন পুতুল বলেন, লালপুর-বাগাতিপাড়াকে মাদক, চাঁদাবাজি ও হ্যাকিংমুক্ত এলাকা হিসেবে গড়ে তোলা হবে। যুব সমাজকে বিপথগামী হওয়া থেকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই উল্লেখ করে তিনি বলেন, সরকার সারাদেশে ‘নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতা’ চালু করেছে, যেখানে প্রত্যেক ওয়ার্ড, পাড়া, মহল্লা ও গ্রামের তরুণরা অংশগ্রহণের সুযোগ পাবে। অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, সন্তানদের প্রতি সচেতন নজরদারি বাড়াতে হবে যাতে তারা মাদক ও সাইবার অপরাধে জড়িয়ে না পড়ে। মাদক ব্যবসায়ীদের তথ্য দিয়ে প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানিয়ে তিনি বলেন, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই সমাজকে মাদকমুক্ত করা সম্ভব।
এর আগে প্রতিমন্ত্রী আরবাব ইউনিয়নের চন্দনা খাল ও ওয়ালিয়া ব্রিজ এলাকায় হতে খলিসাডাঙ্গা নদী অভিমুখে খলিসাডাঙ্গা খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন তিনি।
এসময় লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জুলহাস হোসেন সৌরভ, লালপুর থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম, লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হারুনার রশিদ পাপ্পু, গোপালপুর পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ও পৌরসভার সাবেক মেয়র নজরুল ইসলাম মোলাম, লালপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও বিলমাড়িয়া ইউপি চেয়ারম্যান সিদ্দিক আলী মিষ্টু, সাবেক যুগ্ম আহ্বায়ক হামিদুর রহমান বাবু, ঈশ্বরদী ইউপি চেয়ারম্যান আব্দুল আজিজ রনজু, আড়বাব ইউপি চেয়ারম্যান মোখলেছুর রহমান এবং লালপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রায়হান কবির সুইটসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।