নগরীতে পালিত হলো আন্তর্জাতিক নৃত্য দিবস
রাজশাহীতে দুই শতাধিক নৃত্যশিল্পীদের মনোমুগ্ধকর পরিবেশনার মাধ্যমে পালিত হয়েছে আন্তর্জাতিক নৃত্য দিবস। রোববার (৩ মে) বিকেলে জেলা শিল্পকলা একাডেমিতে এই দিবস পালন করা হয়।
“অপরাহ্নের নৃত্য” শিরোনামের নৃত্যানুষ্ঠানে শুরুতেই শুদ্ধ নৃত্য চর্চাকারী স্থানীয় বিভিন্ন নৃত্য শিল্প প্রতিষ্ঠানের পরিচালক বা প্রশিক্ষকবৃন্দ ‘ও আলোর পথযাত্রী’ গানটির সাথে দলগতভাবে নৃত্য পরিবেশন করেন। বাংলাদেশ নৃত্য শিল্পী সংস্থা রাজশাহী শাখা আয়োজিত এবং স্থানীয় শীর্ষস্থানীয় সকল নৃত্য শিল্প প্রতিষ্ঠানের সহযোগিতায় দিবসটি পালন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাড. এরশাদ আলী ঈশা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমির পরিচালক হরেন্দ্র নাথ সিং এবং জেলা শিল্পকলা একাডেমি রাজশাহীর জেলা কালচারাল অফিসার ড, ফারুক ফয়সাল। বক্তব্য প্রদান করেন এটিএন বাংলার স্টাফ রিপোর্টের সুজাউদ্দিন ছোটন। সভাপতিত্ব করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নৃত্য গুরু হাসিব পান্না।
স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ নৃত্য শিল্পী সংস্থা রাজশাহীর সাবেক সহ- সভাপতি কাবেরী সরকার এবং শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন সাবেক সাংগঠনিক সম্পাদক নৃত্য শিল্পী সোনিয়া পাল ওলি। অতিথিরা বলেন, নৃত্যশিল্প এবং নৃত্যশিল্পীরা শারীরিকভাবে সুস্থতার পাশাপাশি সুস্থ সমাজ গঠনেও তাদের ভুমিকা অগ্রগণ্য। তবে নৃত্যের নামে অশ্লীলতার কিছু অনাকাক্সিক্ষত ঘটনা জনমনে ভ্রান্ত ধারণা দেয়। নৃত্যশিল্পের ছ্দ্মাবরণে সেই কুৎসিত ও অশ্লীলতার হিংস্র থাবা থেকে দেশ ও সমাজকে রক্ষা সরকারের একার পক্ষে সম্ভব নয়। এজন্য শুদ্ধ নৃত্য চর্চাকারীদেরও এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠানের অপরাহ্ন নৃত্য পর্বে অংশগ্রহণ করে- নিক্বণ নৃত্য শিল্পী গোষ্ঠী, স্পন্দন নৃত্যালয়, ঝংকার নৃত্য শিল্পী গোষ্ঠী, উৎপত্তি নৃত্যাশ্রম, নৃত্যুকুঞ্জ, রিমঝিম সাংস্কৃতিক গোষ্ঠী, ছন্দ নৃত্য শিল্পী গোষ্ঠী, চিত্রগীতি নৃত্য শিক্ষালয়, শাপলা কালচারাল স্কুল, সোহাগ ডান্স গ্রুপ, নৃত্য বিভাগ ( জেলা শিশু একাডেমি, রাজশাহী) ও রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমি। অনুষ্ঠান উপস্থাপনা করেন বাংলাদেশ বেতারের উপস্থাপক শিরাজী ফেরদৌস ইমন।