সোমবার, মে ০৪, ২০২৬

মহানগরীতে অভিযানে ৪ ব্যবসায়ী গ্রেপ্তার, মাদক উদ্ধার

সংবাদ বিজ্ঞপ্তি ০৪ মে ২০২৬ ০১:৩৬ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ০৪ মে ২০২৬ ০১:৩৬ অপরাহ্ন
মহানগরীতে অভিযানে ৪ ব্যবসায়ী গ্রেপ্তার, মাদক উদ্ধার

রাজশাহী মহানগরীতে রাজপাড়া, মতিহার থানা এবং মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক পৃথক মাদকবিরোধী অভিযানে ৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার দাসপুকুর গ্রামের আলহাজ মো. একরাম আলীর ছেলে মো. রফিকুল ইসলাম (৫০); নওগাঁ জেলার সদর থানার সাগড়কুড়ি গ্রামের মো. দেলোয়ার হোসেনের ছেলে মো. দিপু হোসেন (২৩); রাজশাহী মহানগরীর মতিহার থানার ধরমপুর (সোরাফানের মোড়) গ্রামের মো. আক্কাস আলীর ছেলে মো. দুলাল হোসেন (৪৬); এবং রাজপাড়া থানার লক্ষীপুর আইডি বাগানপাড়া গ্রামের মৃত হাফিজ উদ্দিন শেখের ছেলে মো. রফিকুল ইসলাম (৫৫)।

রোববার (৩ মে) রাত আনুমানিক সোয়া ৮টার দিকে রাজপাড়া থানার আইডি বাগানপাড়া এলাকা থেকে রফিকুল ও দিপুকে এবং একই দিন দুপুর আনুমানিক পৌনে ২টার দিকে মতিহার থানার ধরমপুর সোরাফান বৌ বাজার এলাকা থেকে দুলালকে আটক করা হয়। এছাড়াও, একই তারিখ দিবাগত রাত আনুমানিক সোয়া ১টার দিকে আইডি বাগানপাড়া এলাকা থেকে অপর আসামি রফিকুলকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিদের দেহ তল্লাশি করে মোট ৩৭৫ গ্রাম গাঁজা, ৫০ পিস ট্যাপেন্টাডল ও ৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া মাদক বিক্রির নগদ ৩ হাজার ৫শ টাকা জব্দ করা হয়।

উল্লেখ্য, গ্রেপ্তারকৃত আসামি রফিকুল (৫০)-এর বিরুদ্ধে আরএমপি’র রাজপাড়া থানায় ১০টি মাদক ও ৩টি পেনাল কোডের মামলা চলমান রয়েছে। অপরদিকে, অপর আসামি রফিকুল (৫৫)-এর বিরুদ্ধে আরএমপি’র দামকুড়া থানায় ১টি মাদক মামলা চলমান রয়েছে।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা রুজু করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।