মাদকবিরোধী অভিযানে পাঁচ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদক উদ্ধার
রাজশাহী মহানগরীতে চন্দ্রিমা থানা, মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) এবং বোয়ালিয়া থানা পুলিশের পৃথক পৃথক মাদকবিরোধী অভিযানে ৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- চন্দ্রিমা থানার বালানগর গ্রামের মৃত চাঁন মোহাম্মদের ছেলে মো. শরিফুল ইসলাম (৪১), যিনি সেরু ও কেরু নামে পরিচিত; একই থানার ললিতাহার গ্রামের মো: আলেফ শেখের ছেলে মো. গোলাম মোস্তফা (৪৮); দামকুড়া থানার হরিপুর খড়িয়ারধার গ্রামের মো. আবুল হোসেনের ছেলে মো: সাকিম হোসেন (৪২); বোয়ালিয়া থানার সাগরপাড়া গ্রামের মো: আব্দুর রহিমের ছেলে মো: রাফি আহম্মেদ (২৮); এবং একই থানার খরবোনা নদীরধার গ্রামের মাসুম আলীর ছেলে মো: সোহান আলী (২৪)। সকল আসামিই রাজশাহী মহানগরীর বাসিন্দা।
৪ মে বিকাল আনুমানিক সোয়া ৫টার দিকে চন্দ্রিমা থানার বালানগর এলাকা থেকে কেরু ও মোস্তফাকে আটক করা হয়। একই তারিখ রাত আনুমানিক সোয়া ১০টার দিকে দামকুড়া থানার হরিপুর খড়িয়ারধার এলাকা থেকে সাকিমকে আটক করা হয়। এর আগে গত ৩ মে ২০২৬ তারিখ রাত আনুমানিক সোয়া ১১টার দিকে বোয়ালিয়া থানার অলকার এলাকা থেকে রাফিকে আটক করা হয়। এছাড়া, গতকাল ৪ মে ২০২৬ তারিখ রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে বোয়ালিয়া থানার খরবোনা নদীরধার বটতলা এলাকা থেকে সোহানকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিদের দেহ ও ব্যাগ তল্লাশি করে মোট ৫ লিটার দেশীয় চোলাই মদ, ১৫ পিস ট্যাপেন্টাডল এবং ৪৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
উল্লেখ্য, গ্রেপ্তারকৃত আসামি কেরু (৪১)-এর বিরুদ্ধে আরএমপি’র চন্দ্রিমা থানায় ৩ টি মাদক মামলা চলমান রয়েছে। অপরদিকে, অপর আসামি সাকিম (৪২)-এর বিরুদ্ধে আরএমপি’র দামকুড়া থানায় ৪ টি মাদক মামলা চলমান রয়েছে।
গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা রুজু করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।