সোমবার, আগস্ট ২৪, ২০২৬

শাপলার এমআরএ-এমএফআই শিক্ষা বৃত্তি প্রদান

নিজস্ব প্রতিবেদক ০৫ মে ২০২৬ ০৯:০৬ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নিজস্ব প্রতিবেদক ০৫ মে ২০২৬ ০৯:০৬ অপরাহ্ন
শাপলার এমআরএ-এমএফআই শিক্ষা বৃত্তি প্রদান

শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার উদ্যোগে এমআরএ-এমএফআই উচ্চ শিক্ষা বৃত্তি ও সাধারণ শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে। রাজশাহী বিভাগের বিভিন্ন জেলার এবং উপজেলার মোট ৪৪ জন শিক্ষার্থীকে এই বৃত্তি দেওয়া হয়। এর মধ্যে উচ্চ শিক্ষা বৃত্তি পেয়েছে ৯ জন এবং সাধারণ শিক্ষা বৃত্তি ৩৫ জন। 



মঙ্গলবার (৫ মে) সকাল ১১টায় শিক্ষা বৃত্তি প্রদান করা হয়। নগরীর সপুরার শাপলা কালচারাল স্কুল কনফারেন্স হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন রাজশাহী-৩ আসনে সংসদ সদস্য অ্যাড. শফিকুল হক মিলন। তিনি বাংলাদেশের ভবিষ্যৎ যাদের ওপর নির্ভরশীল, সেই আগামী প্রজন্মকে প্রকৃত মানুষের মতো মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, আগামী প্রজন্ম যাদের দিকে বাংলাদেশ তাকিয়ে আছে, তাদের মানুষের মতো মানুষ হতে হবে। শিক্ষার্থীদের কল্যাণ ও তাদের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করে তিনি আরও বলেন, সরকার সচেষ্ট আছেন এবং তাঁরা এক্ষেত্রে সবারই সহযোগিতা চান। এই সমস্ত কোমলমতি ছাত্র-ছাত্রীদের সাথে এবং পাশে থেকে সার্বিক সহযোগিতা করতে চান তিনি।


এ সময় বিভিন্ন মহলের আলোচনা-সমালোচনার দিকে ইঙ্গিত করে তিনি বলেন, আমাদেরকে নানা বিশেষণে বিশেষায়িত করা হয়েছে তবে সব ধরনের সমালোচনা বা তকমা পাশ কাটিয়ে শিক্ষার্থীদের পাশে থাকার এবং তাদের কল্যাণে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি। 


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মোহসিন আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবলিক প্রসিকিউটর (পিপি) রাজশাহী জেলা অ্যাডভোকেট রইসুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংস্থার মানব সম্পদ ও প্রশাসন বিভাগের সহকারী পরিচালক জাহাঙ্গীর আলম।


নয়জন শিক্ষার্থীকে অক্টোবর-ডিসেম্বর ২০২৫ মেয়াদে প্রতিমাসে জনপ্রতি তিন হাজার হিসেবে এবং সাধারণ শিক্ষা বৃত্তির আওতায় ৩৫ জন শিক্ষার্থীকে প্রতিমাসে জনপ্রতি পনেরশ টাকা হিসেবে সর্বমোট দুই লাখ আটত্রিশ হাজার ৫০০ টাকা প্রদান করা হয়। উচ্চ শিক্ষা বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীরা বুয়েট, মেডিকেল, রাজশাহী, জাহাঙ্গীরনগর ও কুষ্টিয়া ইসলামিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত।