সোমবার, আগস্ট ২৪, ২০২৬

নারী উদ্যোক্তার বিরুদ্ধে ৫৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক ০৫ মে ২০২৬ ০৯:৪৩ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নিজস্ব প্রতিবেদক ০৫ মে ২০২৬ ০৯:৪৩ অপরাহ্ন
নারী উদ্যোক্তার বিরুদ্ধে ৫৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

রাজশাহীতে এক নারী ব্যবসায়ীর বিরুদ্ধে প্রায় ৫৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এনিয়ে সংবাদ করেছেন তিনজন ভুক্তভোগী। ভুক্তভোগীরা তদন্ত করে অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।


মঙ্গলবার (৫ মে) সন্ধ্যা ৭টার দিকে মহানগরীর লক্ষীপুর এলাকার একটি রেস্তোরাঁয় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বাসিন্দা মাসুদ রানা।


তিনি বলেন, ২০২০ সালে রাজশাহী উপশহর ক্যান্টনমেন্ট মার্কেটের একটি দোকানে কর্মরত থাকা অবস্থায় মাফরোজা বেগম (৩৬) তার সঙ্গে পরিচয় হন। পরবর্তীতে ব্যবসায় অংশীদার হওয়ার প্রস্তাব দিয়ে ২০২২ সালের জুলাই মাসে তার কাছ থেকে ৪০ লাখ টাকা নেন। লাভের ৫০ শতাংশ দেওয়ার কথা থাকলেও টাকা নেওয়ার পর থেকে তিনি যোগাযোগ এড়িয়ে যেতে থাকেন।


মাসুদ রানা বলেন, টাকা ফেরত চাইলে তিনি বারবার সময়ক্ষেপণ করেন। পরে বাধ্য হয়ে চেক ডিজঅনার করে ২০২৫ সালের ১৭ আগস্ট উকিল নোটিশ পাঠানো হয় এবং চাঁপাইনবাবগঞ্জ আদালতে মামলা দায়ের করি। টাকা না দেওয়ার জন্য উল্টো তাকে ভয়ভীতি দেখানো হচ্ছে এবং তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়েরের চেষ্টা করা হচ্ছে।


তিনি দাবি করেন, তার বিরুদ্ধে মারধর ও লুটপাটের অভিযোগ তোলা হয়। এনিয়ে থানায় অভিযোগ করা হলেও তদন্তে তা মিথ্যা প্রমাণিত হয়েছে। এরপরও সংশ্লিষ্ট থানায় প্রভাব খাটিয়ে মিথ্যা মামলা নেওয়ার চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তিনি।


সংবাদ সম্মেলনে উপস্থিত অপর ভুক্তভোগী জিনাত জাকিয়া সুলতানা সুমি জানান, একই কৌশলে তার কাছ থেকেও ৬ লাখ টাকা নেওয়া হয়েছে। বলা হয়েছে তিনগুন লাভসহ ফেরত দেবে কিন্তু সে আমার মূল টাকা দেওয়া হচ্ছে না। আমাকেও বিভিন্ন হুমকি দেওয়া হচ্ছে।  


এছাড়া আবদুল কাইউম নামে আরেক ভুক্তভোগী ১০ লাখ টাকা দিয়েছেন। কিন্তু এ টাকাও তিনি ফেরত দেননি বলে অভিযোগ করা হয়েছে। 


অভিযোগের বিষয়ে মাফরোজা বেগমের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি সব অভিযোগ অস্বীকার করে বলেন, এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। বিস্তারিত জানতে চাইলে ব্যস্ততার কথা বলে তিনি ফোন কেটে দেন।


এর আগে সকালে সংবাদ সম্মেলন করেন নারী উদ্যোক্তা মাফরোজা বেগম। তিনি দাবি করেন, গেল ২৫ এপ্রিল বিকেল সাড়ে ৩টার দিকে রাজশাহী নগরীর পুরোনো পোস্ট অফিস ক্যান্টনমেন্ট মার্কেট এলাকায় অবস্থিত তার দোকানে প্রবেশ করে অভিযুক্ত মাসুদ রানা ও তার সহযোগীরা। এসময় তারা ভুক্তভোগীকে মারধর, শ্লীলতাহানি এবং দোকানে ভাঙচুর চালায় বলে অভিযোগ করা হয়। পাশাপাশি ক্যাশবক্স থেকে প্রায় ৪ লাখ ৫০ হাজার টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়া। রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানার ওসির বিরুদ্ধে মামলা গ্রহণে গড়িমসি ও অসদাচরণের অভিযোগ তুলেন তিনি।