ঈশ্বরদীতে খাল খনন স্থগিত ও ইউএনওর ব্যাখ্যা
পাবনার ঈশ্বরদী উপজেলায় খাল খনন প্রকল্পের একটি অংশের উদ্বোধন করা হলেও গত ৩ দিন ধরে খাল খননের অপর অংশের কার্যক্রম বন্ধ রয়েছে। খাল খনন এলাকায় বিএনপি ও জামায়াতে ইসলামীর মধ্যে রাজনৈতিক উত্তেজনা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনা করে উপজেলা প্রশাসন খাল খনন কার্যক্রম আপাতত: স্থগিত রেখেছেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উপজেলা প্রশাসন এ সিদ্ধান্ত গ্রহণ করেছে বলে নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মোহাম্মাদ শোয়াইব।
ইউএনও জানান, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে স্থানীয় সংসদ সদস্যদের সম্পৃক্ত করে সব উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়নের চেষ্টা করা হয়। সেই পরিকল্পনার অংশ হিসেবে ঈশ্বরদীতে খাল খনন প্রকল্পের উদ্বোধন দুই ধাপে উদ্বোধন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। প্রথম ধাপে পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবকে দিয়ে উদ্বোধন করা হয়েছে। দ্বিতীয় ধাপে স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক আবু তালেব মন্ডলকে প্রধান অতিথি করে উদ্বোধনের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয় এবং এ সংক্রান্ত ব্যানারও প্রস্তুত করা হয়েছিল। তবে গত শুক্রবার উপজেলার মুলাডুলিতে বিএনপি ও জামায়াতের মধ্যে সৃষ্ট সংঘর্ষের ঘটনায় এলাকায় উত্তেজনা সৃষ্টি হলে ওই এলাকায় জামায়াতে ইসলামীর এমপিকে দিয়ে খাল খনন কর্মসূচী উদ্বোধন করার আয়োজন ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে।
এরই মধ্যে বিভিন্ন গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে আশঙ্কা করা হচ্ছিল যে, এ অবস্থায় কর্মসূচি আয়োজন করলে বিবাদমান বিএনপি ও জামায়াতে ইসলামীর মধ্যে রাজনৈতিকভাবে সহিংসতার ঘটনা ঘটতে পারে। বিষয়টি তাৎক্ষণিকভাবে পাবনা-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক আবু তালেব মন্ডলকে অবহিত করে অনুষ্ঠানটি সাময়িকভাবে স্থগিত করার সিদ্ধান্ত নেয় উপজেলা প্রশাসন।
ইউএনও বলেন, ‘পরিস্থিতি বিবেচনায় পরিবেশ স্বাভাবিক হলে কয়েকদিন পর সংসদ সদস্য মহোদয়কে দিয়েই মুলাডুলির খাল খনন উদ্বোধন করা হবে বলে সিদ্ধান্তও নেওয়া হয়।’ তবে উপজেলা প্রশাসনের এ সিদ্ধান্ত উপেক্ষা করে স্থানীয় এমপি জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের নিয়ে মুলাডুলির খাল খনন কর্মসূচী উদ্বোধন করেছেন। এদিকে এ ব্যবস্থা চলমান অবস্থায় উদ্বোধন স্থগিতের সিদ্ধান্তকে কেন্দ্র করে গত রোববার স্থানীয় জামায়াত ইসলামী নেতাকর্মীরা শহরে মানববন্ধন কর্মসূচিও পালন করে।
বুধবার উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট দপ্তরে সর্বশেষ খোঁজ নিয়ে জানা গেছে, গত রোববার উদ্বোধন করা হলেও খাল খনন এর মুলাডুলি অংশের কার্যক্রম স্থগিত রয়েছে। নতুন করে আর উদ্বোধন করা হবে না তবে কয়েকদিনের মধ্যেই কাজ শুরু করা হবে বলে নিশ্চিত করেছে উপজেলা প্রশাসন।
এসব বিষয়ে পাবনা-৪ আসনের এমপি ও পাবনা জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক আবু তালেব মন্ডল বলেন, ইউএনও নিজেই আমার সঙ্গে কথা বলে মুলাডুলিতে খাল খনন কর্মসূচী উদ্বোধনের সময় নির্ধারন করেছিলেন। কিন্তু শেষ মুহুর্তে ‘একটু ঝামেলা আছে’ বলে তিনি তা স্থগিত করার জন্য আমাকে মুঠোফোনে জানান। বিষয়টি আমার দলের নেতাকর্মীরা সহজভাবে গ্রহণ করেনি, এ কারনে তারা মানববন্ধন কর্মসূচীর আয়োজন করে।