রবিবার, জুন ২১, ২০২৬

গেন্ডারিয়ায় পায়ে রড ঢুকিয়ে যুবককে হত্যা

সোনার দেশ ডেস্ক ০৭ জুন ২০২৬ ০৯:৩৭ অপরাহ্ন জাতীয়
সোনার দেশ ডেস্ক ০৭ জুন ২০২৬ ০৯:৩৭ অপরাহ্ন
গেন্ডারিয়ায় পায়ে রড ঢুকিয়ে যুবককে হত্যা
প্রতীকী ছবি

রাজধানীর গেন্ডারিয়ায় বন্ধুর রডের আঘাতে আব্দুল মান্নান (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন।


রোববার (৭ জুন) বেলা সাড়ে ১২টার দিকে গেন্ডারিয়ার দয়াগঞ্জ নামাপাড়ায় একটি নির্মাণাধীন ভবনের সামনে এ ঘটনা ঘটে।


নিহতের ভগ্নিপতি আমির হোসেন জানান, তার বাড়ি শরীয়তপুরের জাজিরার গোপালপুরে। তিনি মাতুয়াইল মাদ্রাসা বাজার এলাকায় থাকেন।


তার বাসায় আব্দুল মান্নান থাকতেন এবং রাজমিস্ত্রীর কাজ করতেন। মান্নানের স্ত্রী শারমিন আক্তার সুমি ও এক মেয়ে গ্রামের বাড়ি বরগুনায় থাকেন।


তিনি আরও জানান, সকালে দয়াগঞ্জ নামাপাড়া এলাকায় কাজে যান মান্নান। সেখানে বন্ধু মহসিন ও রাজন ওরফে বাঘার সঙ্গে মোবাইল গেমস খেলছিলেন।


গেম খেলা নিয়ে বিরোধের জেরে মহসিন একটি রড মান্নানের বাম পায়ের উরুতে ঢুকিয়ে দিয়ে পালিয়ে যান। পরে পথচারীরা তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে ভর্তি করেন। পরে বিকেল চারটার দিকে আব্দুল মান্নানের মৃত্যু হয়।


নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে ও বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে বলে জানান


ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক।


গেন্ডারিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইউসুফ আলী জানান, দয়াগঞ্জ এলাকায় একটি মারামারির ঘটনা হয়েছে বলে জানতে পেরেছি। এ ঘটনায় এক যুবক ঢামেক হাসপাতালে মারা গেছেন। বিস্তারিত জানার চেষ্টা চলছে।


তথ্যসূত্র: বাংলানিউজ