ট্রেন লাইনচ্যুত, ময়মনসিংহ-জামালপুর রেল চলাচল বন্ধ
ময়মনসিংহে ঢাকাগামী ব্রহ্মপুত্র ট্রেনের পাওয়ার কার লাইনচ্যুত হয়েছে। এতে ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
বুধবার সকাল সোয়া ৯টার দিকে ময়মনসিংহ নগরীর তিনকোনা পুকুরপাড় এলাকায় এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন ময়মনসিংহ রেলওয়ে থানার ওসি মো. আকতার হোসেন।
তিনি বলেন, জামালপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস নগরীর তিনকোনা পুকুরপাড় আসতেই বিকট শব্দে ট্রেনের পাওয়ার কারের চাকা লাইনচ্যুত হয়। এতে ময়মনসিংহ জামালপুর ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
পরে ট্রেনটির পাওয়ার কার পর্যন্ত রেখে সামনের অংশ স্টেশনে আনা হয়েছে।
উদ্ধারে কিছুটা সময় লাগতে পারে জানিয়ে ওসি বলেন, উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে গিয়ে পাওয়ার কার উদ্ধারে কাজ করছে। পাওয়ার কার উদ্ধার হলেই ওই লাইনে ট্রেন চলাচল সচল হবে।
তথ্যসূত্র: বিডিনিউজ