শনিবার, আগস্ট ২২, ২০২৬

আমন্ত্রণপত্রে বিতর্কিত নাম, স্থগিত মন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচি

সোনার দেশ ডেস্ক ১৯ জুন ২০২৬ ০১:১০ অপরাহ্ন জাতীয়
সোনার দেশ ডেস্ক ১৯ জুন ২০২৬ ০১:১০ অপরাহ্ন
আমন্ত্রণপত্রে বিতর্কিত নাম, স্থগিত মন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচি

আমন্ত্রণপত্রে নাম অন্তর্ভুক্তিকে কেন্দ্র করে সৃষ্টি হওয়া বিতর্কের জেরে গাজীপুরের কালীগঞ্জে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর নির্ধারিত বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। নির্ধারিত দিনের মাত্র ২৪ ঘণ্টা আগে এ অনুষ্ঠান স্থগিত করা হয়। 


বৃহস্পতিবার (১৮ জুন) কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলাম অনুষ্ঠান স্থগিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।


উল্লেখ্য আজ শুক্রবার কালীগঞ্জে সমবায় অধিদপ্তরের উদ্যোগে ‘বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচি’ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। অনুষ্ঠানে প্রায় ৫ হাজার গাছের চারা বিতরণ এবং বৃক্ষরোপণের পরিকল্পনা ছিল।


আয়োজক সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, কালীগঞ্জের ‘কালব রিসোর্টে’ এ আয়োজন ঘিরে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়। গাজীপুর জেলার বিভিন্ন সমবায় সমিতির সদস্যদের অংশগ্রহণের জন্য আগেই নির্দেশনা দেওয়া হয়। প্রয়োজনীয় সংখ্যক গাছের চারা সংগ্রহের নির্দেশনা পাওয়ার পর বিভিন্ন সমিতি নিজ উদ্যোগে চারা ক্রয় করে। পাশাপাশি কয়েক হাজার অতিথির আপ্যায়নসহ সার্বিক আয়োজনও প্রায় সম্পন্ন হয়।


সূত্রটির দাবি, শেষ মুহূর্তে অনুষ্ঠান স্থগিত হওয়ায় আয়োজক ও সংশ্লিষ্টদের কয়েক লাখ টাকার আর্থিক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে।


একাধিক দায়িত্বশীল সূত্রের ভাষ্য অনুযায়ী, অনুষ্ঠানের আমন্ত্রণপত্রে আওয়ামী লীগ সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এবং দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ (কালব)-এর চেয়ারম্যান আগস্টিন পিউরিফিকেশনের নাম অন্তর্ভুক্ত হওয়াকে কেন্দ্র করে বিএনপিপন্থী সমবায় মহলে অসন্তোষ সৃষ্টি হয়।


সূত্র জানায়, বিষয়টি প্রধান অতিথির দৃষ্টিগোচর হওয়ার পর অনুষ্ঠানটি স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। 


এদিকে, গাজীপুর জেলা সমবায় কর্মকর্তার তত্ত্বাবধানে আয়োজিত একটি সরকারি কর্মসূচির আমন্ত্রণপত্রে বিতর্কিত ব্যক্তির নাম কীভাবে অন্তর্ভুক্ত হলো, তা নিয়েও সমবায় অঙ্গনসহ বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে।


এ বিষয়ে গাজীপুর জেলা সমবায় কর্মকর্তা আরিফা সুলতানা শিপা বলেন, “আমন্ত্রণপত্রে কার নাম কেন এসেছে, সে বিষয়ে আমার জানা নেই। অধিদপ্তর থেকে আমাকে জানানো হয়েছে যে অনিবার্য কারণবশত শুক্রবারের অনুষ্ঠান স্থগিত করা হয়েছে।”


তবে অনুষ্ঠান স্থগিতের প্রকৃত কারণ সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আনুষ্ঠানিক ব্যাখ্যা দেয়নি। ফলে বিষয়টি নিয়ে সমবায় সংশ্লিষ্টদের মধ্যে নানা আলোচনা ও প্রশ্নের জন্ম দিয়েছে।


তথ্যসূত্র: রাইজিংবিডি