রবিবার, জুন ২১, ২০২৬

স্বাদু পানিতে মাছ উৎপাদন ৪৫.৪৩ লাখ টন: মন্ত্রী

সোনার দেশ ডেস্ক ২১ জুন ২০২৬ ০৯:৪৫ অপরাহ্ন জাতীয়
সোনার দেশ ডেস্ক ২১ জুন ২০২৬ ০৯:৪৫ অপরাহ্ন
স্বাদু পানিতে মাছ উৎপাদন ৪৫.৪৩ লাখ টন: মন্ত্রী
জাতীয় সংসদে কথা বলছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ

দেশে স্বাদু পানিতে মাছ উৎপাদনের পরিমাণ ৪৫ দশমিক ৪৩ লাখ মেট্রিক টন। এ বিপুল মৎস্যসম্পদ সংরক্ষণ ও উন্নয়নে মৎস্য অধিদপ্তর বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।


রোববার (২১ জুন) জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য খায়রুল কবির খোকনের এক প্রশ্নের লিখিত উত্তরে তিনি এ তথ্য জানান। এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম অধিবেশনে সভাপতিত্ব করেন। প্রশ্নোত্তর পর্বের কার্যবিবরণী টেবিলে উপস্থাপন করা হয়।


মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী বলেন, বর্তমানে দেশে স্বাদু পানিতে মাছ উৎপাদনের পরিমাণ ৪৫ দশমিক ৪৩ লাখ মেট্রিক টন। এ সম্পদ রক্ষায় মৎস্য অধিদপ্তর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পরিকল্পনা গ্রহণ করেছে।


তিনি বলেন, মৎস্যসম্পদ সংরক্ষণবিষয়ক আইন ও নীতিমালার কার্যকর প্রয়োগের মাধ্যমে জলজ পরিবেশ রক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে জলদূষণ নিয়ন্ত্রণে কাজ করা হচ্ছে।


মন্ত্রী আরও বলেন, মাছের প্রজনন ক্ষেত্র, আবাসস্থল এবং জলজ জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য নিয়মিত জরিপ, গবেষণা এবং পুনরুদ্ধারমূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে।


এ ছাড়া সরকার গৃহীত খাল খনন কর্মসূচি বাস্তবায়িত হলে খাল-বিলের নাব্যতা বৃদ্ধি পাবে। এর ফলে উন্মুক্ত জলাশয়ের পরিবেশ উন্নত হবে এবং দূষণ কমে গিয়ে মাছের উৎপাদন ও জীববৈচিত্র্য সংরক্ষণে ইতিবাচক প্রভাব পড়বে।


তথ্যসূত্র: বাংলানিউজ