রবিবার, জুন ২১, ২০২৬

পাঁচ বছরে ৫ লাখ শূন্য পদ পূরণের পরিকল্পনা সরকারের

সোনার দেশ ডেস্ক ২১ জুন ২০২৬ ১০:১৫ অপরাহ্ন জাতীয়
সোনার দেশ ডেস্ক ২১ জুন ২০২৬ ১০:১৫ অপরাহ্ন
পাঁচ বছরে ৫ লাখ শূন্য পদ পূরণের পরিকল্পনা সরকারের

জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী জানিয়েছেন, দেশের বিভিন্ন সরকারি দপ্তরে দীর্ঘদিন ধরে শূন্য থাকা পদগুলো পূরণে ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে সরকার। প্রশাসনিক কার্যক্রমে গতি আনা এবং নাগরিক সেবা আরো কার্যকর করতে আগামী পাঁচ বছরে ৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের পরিকল্পনা করা হয়েছে। ইতোমধ্যে এ লক্ষ্যে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়েছে।


রোববার (২১ জুন) জাতীয় সংসদে এক প্রশ্নের লিখিত উত্তরে তিনি এ তথ্য জানান। সংসদ সদস্য মো. নুরুল আমীনের প্রশ্নের জবাবে দেওয়া এ উত্তর টেবিলে উত্থাপিত হয়। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।


প্রতিমন্ত্রী জানান, সরকারি দপ্তরগুলোর প্রশাসনিক সক্ষমতা বাড়ানো এবং জনসেবার মান উন্নয়নের লক্ষ্যে ৬ মাস, ১ বছর ও ৫ বছর মেয়াদি কর্মপরিকল্পনা প্রস্তুত করা হয়েছে। এসব পরিকল্পনার আওতায় ধাপে ধাপে শূন্য পদগুলো পূরণ করা হবে।


তিনি বলেন, ৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের লক্ষ্য বাস্তবায়নে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কাছে বর্তমান শূন্য পদের সংখ্যা এবং চলমান নিয়োগ কার্যক্রমের সর্বশেষ তথ্য চেয়ে ইতোমধ্যে চিঠি পাঠানো হয়েছে।


একইসঙ্গে দ্রুত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ এবং শূন্য পদের বিপরীতে নির্ধারিত সময়ের মধ্যে নিয়োগ সম্পন্ন করতে সব মন্ত্রণালয় ও বিভাগকে সময়ভিত্তিক কর্মপরিকল্পনা প্রণয়নের নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।


সরকারের এ উদ্যোগ বাস্তবায়িত হলে দীর্ঘদিনের জনবল সংকট কাটিয়ে সরকারি সেবার মানোন্নয়ন এবং প্রশাসনিক কার্যক্রমে নতুন গতি সঞ্চার হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


তথ্যসূত্র: রাইজিংবিডি