মঙ্গলবার, জুন ২৩, ২০২৬

দুদকের চেয়ারম্যান-কমিশনার নিয়োগে পাঁচ সদস্যের বাছাই কমিটি গঠন

সোনার দেশ ডেস্ক ২২ জুন ২০২৬ ১০:৪৬ অপরাহ্ন জাতীয়
সোনার দেশ ডেস্ক ২২ জুন ২০২৬ ১০:৪৬ অপরাহ্ন
দুদকের চেয়ারম্যান-কমিশনার নিয়োগে পাঁচ সদস্যের বাছাই কমিটি গঠন

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ও কমিশনার পদে নিয়োগের জন্য সুপারিশ দিতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারক বিচারপতি মো. রেজাউল হককে সভাপতি করে পাঁচ সদস্যের সমন্বয়ে বাছাই কমিটি গঠন করেছে সরকার। 


সোমবার (২২ জুন) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।


বাছাই কমিটির সদস্যরা হলেন- হাইকোর্ট বিভাগের বিচারক বিচারপতি রাজিক আল জলিল, মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক, সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান এবং মন্ত্রিপরিষদ সচিব।


প্রজ্ঞাপনে বলা হয়, বাছাই কমিটি দুর্নীতি দমন কমিশন আইন-২০২৪ এর ধারা ৭ এর উপধারা ৪ এর বিধান অনুযায়ী দুর্নীতি দমন কমিশনের কমিশনারের প্রতিটি শূন্য পদের বিপরীতে দুইজন ব্যক্তির নামের তালিকা প্রণয়ন করে ধাারা ৬-এর অধীন নিয়োগ প্রদানের জন্য রাষ্ট্রপতির কাছে পাঠাবেন।


মন্ত্রিপরিষদ বিভাগ বাছাই কমিটির কার্য-সম্পাদনে প্রয়োজনীয় সাচিবিক সহায়তা দেবে।


গত ৩ মার্চ দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন এবং দুই কমিশনার মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহসান ফরিদ একযোগে পদত্যাগপত্র জমা দেন।


তথ্যসূত্র: বাংলানিউজ