শনিবার, আগস্ট ২২, ২০২৬

৭১ সালে কোথায় ছিলেন? বিরোধীদলকে জয়নুল আবদিন ফারুক

সোনার দেশ ডেস্ক ২৭ জুন ২০২৬ ০৯:৪০ অপরাহ্ন জাতীয়
সোনার দেশ ডেস্ক ২৭ জুন ২০২৬ ০৯:৪০ অপরাহ্ন
৭১ সালে কোথায় ছিলেন? বিরোধীদলকে জয়নুল আবদিন ফারুক

সংসদে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন বিরোধী দলের সমালোচনার জবাবে তাদের উদ্দেশ্যে সরকারি দল বিএনপির সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক বলেছেন, তর্ক উত্থাপন করে সংসদকে উত্তপ্ত করতে চাই না। শুধু একটা কথা বলতে চাই, নিজের কথা নিজেরাই বিচার করেন, আপনারা ৭১ সালে কোথায় ছিলেন?


শনিবার (২৭ জুন) জাতীয় সংসদের অধিবেশনে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের উপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।


এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম।


জয়নুল আবদিন ফারুক বলেন, স্বাধীনতার একদিন আগে কারা সংগঠিত করেছে হত্যাকাণ্ড? কারা বুদ্ধিশূন্য করতে চেয়েছিল বাংলাদেশকে? এই বিষয়টা একটু নজরে নিয়ে আসেন।


একইসঙ্গে জয়নুল আবদীন ফারুক মুক্তিযোদ্ধাদের ভাতা বাড়ানোর দাবিও জানান বাজেট আলোচনায়।


তিনি বলেন, আমাদের বিরোধী দল সমালোচনা করে, অবশ্যই সে সমালোচনার উত্তর আমরা দেব।


আজকে সব ক্ষেত্রে আপনারা সমালোচনা শুরু করেছেন, এই সমালোচনাগুলো জাতি গঠনে আপনারা আমাদেরকে সহযোগিতা করেন। আমরা আপনাদেরকে সহযোগিতা করব, এই পারে আপনারা একদিন আসবেন, ওই পারেও আমরা আরেকদিন যাব, এটাই তো গণতন্ত্রের নিয়ম।


কিন্তু সে গণতান্ত্রিকভাবে সমালোচনা যদি করেন- আজকে একটু আগে আমার ভাই জামায়াতে ইসলামীর শাহজাহান চৌধুরী সাহেব, স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়কে বলেছেন ইসলাম নিয়ে। ইসলাম নিয়ে কথা বলার তো দরকার নাই। মিলন একটু আগে যে কথাটা বলেছে, সে কথা দিয়ে আমি যেতে চাই না। তর্ক উত্থাপন করে সংসদকে উত্তপ্ত করতে চাই না। 


বিএনপির এই নেতা বলেন, শুধু একটা বলতে চাই, নিজের কথা নিজেরাই বিচার করেন, আপনারা ৭১ সালে কোথায় ছিলেন? নিজেরাই বিচার করেন, আমাদের বলার দরকার নাই। আপনি একটু তাকান মিরপুরের শহীদ বুদ্ধিজীবী গোরস্থানের দিকে। সে স্বাধীনতার একদিন আগে কারা এই সংগঠিত করেছে হত্যাকাণ্ড? কারা বুদ্ধিশূন্য করতে চেয়েছিল বাংলাদেশকে? এই বিষয়টা একটু নজরে নিয়ে আসেন। আপনারা একটু দেখেন, আমরা যখন শহীদ প্রেসিডেন্ট জিয়ার কণ্ঠে রেডিওতে যুদ্ধের আহ্বান শুনেছি, ঘোষণা শুনেছি, আমরা তখন দৌড়াচ্ছিলাম। এই দলের সদস্যও ছিলাম না, আমরা সেদিন বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে সেদিন স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছি।


তিনি বলেন, আজকে আপনাদের দলেও অনেক মুক্তিযোদ্ধা আছে। কয়েকজন মুক্তিযোদ্ধা বক্তব্য দিয়েছেন। সেখানে তো আপনি মুক্তিযোদ্ধাদের ভাতা বাড়াবার জন্য কথাটা বলেন নাই। জুলাই বিপ্লবে শহীদ হয়েছে, যারা আহত হয়েছে, তাদের অবশ্যই আমরা স্মরণ করব। কিন্তু ৭১-কে ভোলা যাবে না। ৭১ এর স্বাধীনতা যুদ্ধে যারা আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করে আজকে অর্থমন্ত্রী যে বাজেট দিয়েছেন, স্বাধীনতা পাওয়ার কারণে। সেই স্বাধীনতা যোদ্ধাদের জন্য আমি অর্থমন্ত্রী, আপনার কাছে বিনীত অনুরোধ করব, অন্তত মুক্তিযোদ্ধাদের ভাতাটা বাড়িয়ে দেন। যাতে বাংলাদেশে একটা স্বর্ণাক্ষরে আপনার নামটা লেখা থাকে।


তথ্যসূত্র: বাংলানিউজ