শনিবার, আগস্ট ২২, ২০২৬

তিস্তা প্রকল্প বাংলাদেশ যত দ্রুত চাইবে, চিন তত দ্রুত এগোবে: চিনা রাষ্ট্রদূত

সোনার দেশ ডেস্ক ০২ জুলাই ২০২৬ ০২:৩৬ অপরাহ্ন জাতীয়
সোনার দেশ ডেস্ক ০২ জুলাই ২০২৬ ০২:৩৬ অপরাহ্ন
তিস্তা প্রকল্প বাংলাদেশ যত দ্রুত চাইবে, চিন তত দ্রুত এগোবে: চিনা রাষ্ট্রদূত
চিনা দূতাবাসে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। ছবি: বাংলানিউজ

ঢাকায় নিযুক্ত চিনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানিয়েছেন, তিস্তা নদী প্রকল্পটি বাংলাদেশের নিজস্ব প্রকল্প। তিস্তা প্রকল্প বাংলাদেশ যত দ্রুত চাইবে, চিন তত দ্রুতই এগোবে।

বৃহস্পতিবার (২ জুলাই) চিনা দূতাবাসে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চিন সফর নিয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে ঢাকার চিনা দূতাবাস।

তিস্তা প্রকল্প বাস্তবায়নে ভারতের উদ্বেগ থাকতে পারে, এমন প্রশ্নের উত্তরে চিনা রাষ্ট্রদূত বলেন, তিস্তা নদী প্রকল্পটি বাংলাদেশের নিজস্ব প্রকল্প। এটি আপনাদেরই প্রকল্প।

এখানে চীনের সহযোগিতা বা এন্টারপ্রাইজের বিষয়টি বাংলাদেশ পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বা লাভজনক হিসেবেই বিবেচনা করবে। এটি মূলত মানুষের জীবনমান উন্নয়নের একটি সহযোগিতা, যার সঙ্গে এই নদীর অববাহিকায় বসবাসকারী ১০ লাখেরও বেশি মানুষের জীবন-জীবিকা জড়িয়ে আছে।

মূলত এই উদ্দেশ্যেই চিন সহায়তা দিতে আগ্রহী; কারণ এটি বাংলাদেশের মানুষের, বিশেষ করে উত্তরাঞ্চলের মানুষের একটি বড় প্রয়োজন।

তিনি বলেন, আমাদের কেন একটি নিখুঁত ও কার্যকর সম্ভাব্যতা যাচাই প্রয়োজন? আপনারা জানেন, নদীর অববাহিকায় বেশ কিছু জটিল পরিস্থিতি রয়েছে। তাই এই প্রকল্প শুরু করার আগে আমাদের এই সম্ভাব্যতা যাচাই করা প্রয়োজন। আমাদের দিক থেকে এটাই হলো মূল উদ্দেশ্য। আপনি অন্যান্য যেসব উপাদানের কথা উল্লেখ করেছেন, সেগুলো আমাদের বিবেচনায় নেই। বাংলাদেশ যত দ্রুত চাইবে, চিন তত দ্রুতই এগোবে। এটাই আমাদের অবস্থান।

গত ২২ জুন থেকে ২৬ জুন চিন সফর করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তথ্যসূত্র: বাংলানিউজ