শনিবার, আগস্ট ২২, ২০২৬

অন্ডকোষ চেপে ধরে স্ট্যাম্প ও চেকে স্বাক্ষর নেওয়ার ঘটনায় গ্রেপ্তার ২

সোনার দেশ ডেস্ক ০৫ জুলাই ২০২৬ ১০:০৯ অপরাহ্ন জাতীয়
সোনার দেশ ডেস্ক ০৫ জুলাই ২০২৬ ১০:০৯ অপরাহ্ন
অন্ডকোষ চেপে ধরে স্ট্যাম্প ও চেকে স্বাক্ষর নেওয়ার ঘটনায় গ্রেপ্তার ২

বরিশালে একটি ডেভেলপার কোম্পানির ব্যবস্থাপনা পরিচালককে (এমডি) মারধর ও অন্ডকোষ চেপে ধরে জোরপূর্বক স্ট্যাম্প ও চেকে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার ঘটনায় অভিযুক্ত ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরআগে ওই ব্যক্তিকে মারধর ও অন্ডকোষ চেপে ধরার ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

রোববার (৫ জুলাই) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার আশিক সাঈদ।

গ্রেপ্তার হওয়া দুইজন হলেন- মোস্তাফিজুর রহমান লিটু ও আবুল কালাম আজাদ।

অভিযোগ ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৭ জুন রাতে বরিশাল নগরীর সদর রোড এলাকার একটি অফিসে বাকলা ডেভেলপার্স প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান ও অগ্রণী হাউজিং কোম্পানির এমডি মো. আব্দুল আজিজ হাওলাদারকে মারধর ও শারীরিকভাবে নির্যাতন করা হয়। এ সময় তাকে ভয়ভীতি দেখিয়ে স্ট্যাম্প ও একাধিক চেকে জোরপূর্বক স্বাক্ষর নেওয়া হয়েছে বলে অভিযোগ করা হয়।

এ ঘটনায় ভুক্তভোগী আদালতে অভিযোগ দায়ের করেছেন। পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িত সবাইকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তিনি।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার আশিক সাঈদ বলেন, ঘটনাটি সামনে আসার পর থেকেই ডিবি ও মেট্রোপলিটন পুলিশের একাধিক টিম অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান শুরু করে। রোববার দুপুরে মোস্তাফিজুর রহমান লিটু ও আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও বলেন, কোনো ধরনের অপরাধের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। এ ঘটনায় জড়িত অন্যদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা গ্রহণে অভিযান অব্যাহত রয়েছে।

তথ্যসূত্র: ঢাকাপোস্ট