টাঙ্গাইলে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ
এইচএসসি পরীক্ষার্থীদের নিয়ে আপত্তিকর মন্তব্য ও বন্যা-দুর্যোগের মতো কঠিন পরিস্থিতিতে জোরপূর্বক পরীক্ষা নেওয়ার প্রতিবাদে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগসহ নানা দাবিতে টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল করেছেন পরীক্ষার্থীরা।
আন্দোলনে কুমুদিনী সরকারি মহিলা কলেজ, মাহমুদুল হাসান আদর্শ মহাবিদ্যালয়সহ বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা অংশ নেন।
মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে জেলা সদর সড়ক অবরোধ করে আন্দোলন করেন শিক্ষার্থীরা। এই আকস্মিক সড়ক অবরোধের কারণে শহরের প্রধান সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়, যার ফলে চরম ভোগান্তিতে পড়েন হাজারো সাধারণ মানুষ।
বিক্ষোভ সমাবেশে আন্দোলনকারী শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, দেশজুড়ের তীব্র বন্যা এবং অতিবৃষ্টির কারণে অনেক পরীক্ষার্থী কেন্দ্রে পৌঁছাতে চরম ভোগান্তির শিকার হচ্ছেন। এমন প্রতিকূল পরিস্থিতিতে পরীক্ষা স্থগিত বা মানবিক কোনো সিদ্ধান্ত না নিয়ে, উল্টো কঠিন প্রশ্নে পরীক্ষা নেওয়া হচ্ছে। একইসঙ্গে পরীক্ষার্থীদের নিয়ে আপত্তিকর মন্তব্য করা হয়েছে বলে দাবি করেন তারা।
এ সময় শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে তার পদত্যাগ দাবি করেন এবং নানা স্লোগানে রাজপথ কাঁপিয়ে তোলেন। সমাবেশ থেকে হুঁশিয়ারি দিয়ে বলা হয়, পরীক্ষার্থীদের যৌক্তিক দাবি মেনে নিয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে আগামীতে আরো কঠোর ও রাজপথ কাঁপানো কর্মসূচি ঘোষণা করা হবে।
তথ্যসূত্র: রাইজিংবিডি