শনিবার, আগস্ট ২২, ২০২৬

হাসিনা পরিবার ও ১০ শিল্প গ্রুপের ৭৬ হাজার কোটি টাকার সম্পদ অবরুদ্ধ: বিএফআইইউ

সোনার দেশ ডেস্ক ১৫ জুলাই ২০২৬ ০৯:২১ অপরাহ্ন জাতীয়
সোনার দেশ ডেস্ক ১৫ জুলাই ২০২৬ ০৯:২১ অপরাহ্ন
হাসিনা পরিবার ও ১০ শিল্প গ্রুপের ৭৬ হাজার কোটি টাকার সম্পদ অবরুদ্ধ: বিএফআইইউ
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বিএফআইইউ প্রধান ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ মামুন।

বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ অনুসন্ধানে নেমে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবার এবং ১০ শিল্প গ্রুপের ৭৬ হাজার কোটি টাকার সম্পদ অবরুদ্ধ করার তথ্য দিয়েছেন বিএফআইইউ প্রধান ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ মামুন।

এর মধ্যে দেশের ভেতরে ৫৭ হাজার কোটি টাকা এবং বিদেশে ১৯ হাজার কোটি টাকার সম্পদ রয়েছে।

বুধবার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টিলিজেন্স ইউনিট-বিএফআইইউ প্রধান বলেন, “অর্থপাচারের ১১টি যৌথ তদন্তের ঘটনায় আদালতের আদেশে ৭৬ হাজার কোটি টাকার সম্পদ অবরুদ্ধ করা হয়েছে। এর মধ্যে দেশের অভ্যন্তরে আছে ৫৭ হাজার কোটি টাকা, আর বিদেশে ১৯ হাজার কোটি টাকার।’’

পাচার হওয়া অর্থ ফেরতে অগ্রগতি কতটা, এই প্রশ্নে তিনি বলেন, “আমাদের প্রক্রিয়া চলমান আছে। আমরা আশাবাদ ব্যক্ত করছি এই বছরের শেষের দিকে আমরা দেশবাসীকে একটা সুসংবাদ দিতে পারবো আশা করি।”

সংবাদ সম্মেলনে দেশের একমাত্র আর্থিক গোয়েন্দা সংস্থা বিএফআইইউর ২০২৪-২৫ অর্থবছরের সার্বিক কার্যক্রম তুলে ধরেন সংস্থার প্রধান নির্বাহী ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ মামুন।

২০২৪ সালের ৫ অগাস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। ক্ষমতা হারিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে চলে যান।

এর পরে আওয়ামী লীগ সরকারের সময়কার অর্থ পাচার, দুর্নীতি ও অনিয়মের ঘটনা আলোচনায় আসে। মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের সময় দুর্নীতি দমন কমিশন, বিএফআইইউ ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি তদন্তে নামে।

অর্থ পাচারের ঘটনার তদন্ত কার্যক্রমে গতি আনতে অন্তর্বর্তী সরকারের সময়ে শেখ হাসিনা ও তার পরিবার এবং ১০টি গ্রুপকে অগ্রাধিকার দিয়ে তদন্ত শুরু করে সংস্থাগুলো।

তথ্যসূত্র: বিডিনিউজ