পৌনে ২ ঘণ্টা পরীক্ষা দেওয়ার পর ধরা পড়ল প্রশ্ন গত বছরের
নীলফামারীর কিশোরগঞ্জে ভুল প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা নেওয়ার অভিযোগ উঠেছে। পরে সময় বাড়িয়ে দুপুর ২টা ২০ মিনিট পর্যন্ত সঠিক প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হয়।
রোববার (১৯ জুলাই) উপজেলার বড়ভিটা স্কুল এন্ড কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত হওয়া ইতিহাস প্রথম পত্রের পরীক্ষায় এ ঘটনা ঘটে।
পরীক্ষার্থীরা জানান, সকাল ১০টায় ইতিহাস প্রথম পত্রের পরীক্ষা শুরু হয়। এ সময়ে পরীক্ষার্থীদের হাতে ২০২৬ সালের পরিবর্তে ২০২৫ সালের প্রশ্নপত্র তুলে দেওয়া হয়। শিক্ষার্থীরা প্রশ্নপত্রে অসঙ্গতির বিষয়টি দায়িত্বপ্রাপ্ত কক্ষ পরিদর্শকদের জানালেও তারা শুরুতে গুরুত্ব দেননি। সকাল ১০টা থেকে বেলা ১১টা ৪৫ মিনিট পর্যন্ত শিক্ষার্থীরা ওই প্রশ্নপত্রেই উত্তর লিখতে থাকেন। পরে কেন্দ্র কর্তৃপক্ষ পরীক্ষা স্থগিত করে ২০২৬ সালের প্রশ্নপত্র বিতরণ করে। এরপর নতুন প্রশ্নে দুপুর ২টা ২০ মিনিট পর্যন্ত সময় দেওয়া হয়।
শুভ মিয়া নামের এক পরীক্ষার্থী বলেন, আজ আমাদের ইতিহাস পরীক্ষা ছিল। আমরা যখন চারটি সৃজনশীল উত্তর লেখা শেষ করি তখন একজন শিক্ষক এসে আমাদের নতুন প্রশ্নপত্র দেন। ততক্ষণে প্রায় পৌনে দুই ঘণ্টা সময় শেষ হয়ে গেছে। আবার নতুন করে আমাদের সাতটা সৃজনশীল লিখতে হয়েছে।
এ বিষয়ে বড়ভিটা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ও কেন্দ্র সচিব বাদশা আলমগীর বলেন, আমরা সঠিক প্রশ্ন দিয়ে পরীক্ষা নিয়েছি। একাধিক শিক্ষার্থীর অভিযোগের কথা তাকে জানালে তিনি ব্যস্ত আছেন বলে ফোন কেটে দিয়ে বন্ধ করে রাখেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুজ্জামান বলেন, আমি বর্তমানে মিটিংয়ে আছি। বিষয়টি সম্পর্কে অবগত আছি, এই বিষয় নিয়ে আমরা ইউএনও মহোদয়ের সঙ্গে বসছি।
কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমান বলেন, অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। এ ঘটনায় তদন্ত কমিটি করা হয়েছে। প্রতিবেদন পেলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
তথ্যসূত্র: রাইজিংবিডি