শনিবার, আগস্ট ২২, ২০২৬

সবুজবাগে যুবককে কুপিয়ে হত্যা

সোনার দেশ ডেস্ক ২২ জুলাই ২০২৬ ১১:৫৬ পূর্বাহ্ন জাতীয়
সোনার দেশ ডেস্ক ২২ জুলাই ২০২৬ ১১:৫৬ পূর্বাহ্ন
সবুজবাগে যুবককে কুপিয়ে হত্যা
নিহত মো. পলাশ

রাজধানীর রাজারবাগ এলাকায় এক যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। প্রতিবেশীদের দাবি, পূর্ব শত্রুতার জেরে ওই যুবককে হত্যা করা হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজারবাগ বাজার পানির পাম্প সংলগ্ন একটি মুদি দোকানের সামনে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ওই যুবককে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে রাতে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত মো. পলাশের (৩৪) গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলার রায়পুর থানার সোনাপুর গ্রামে। তার বাবা নাম আবুল কাশেম। পলাশ সবুজবাগ থানাধীন মাদারটেক এলাকায় থাকতেন। তিনি আগে প্রাইভেটকার চালক ছিলেন তবে বর্তমানে কিছু করতেন না।

প্রতিবেশীদের দাবি, পলাশ বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। কিন্তু কেউ বিষয়টি নিশ্চিত করেনি।

ওই যুবককে হাসপাতালে নিয়ে যাওয়া তার প্রতিবেশী মো. হীরা বলেন, “সন্ধ্যায় রাজারবাগ বাজারের পানির পাম্পের একটি মুদি দোকানে বসেছিলেন পলাশ। এ সময় পূর্ব শত্রুতার জেরে স্থানীয় ১০/১২ জন মিলে ধারালো অস্ত্র দিয়ে পলাশের উপরে অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা কুপিয়ে পলাশের দুই হাতের কব্জি বিচ্ছিন্ন করে ফেলে। এছাড়া বুকে ছুরি দিয়ে দুটি আঘাত করে এবং মাথায় আঘাত করে হামলাকারীরা পালিয়ে যায়।

রক্তাক্ত অবস্থায় পশাশকে উদ্ধার করে স্থানীয়রা প্রথমে মুগদা মেডিকেল হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে রাত ৯টার দিকে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। রাত সাড়ে ৯টার দিকে পলাশকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।”

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, “মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।”

তথ্যসূত্র: বিডিনিউজ