শনিবার, আগস্ট ২২, ২০২৬

মাদক ও ভেজাল শিশুখাদ্য রোধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান এমপি মিলনের

মোহনপুর প্রতিনিধি ২৩ জুলাই ২০২৬ ০১:৪৮ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
মোহনপুর প্রতিনিধি ২৩ জুলাই ২০২৬ ০১:৪৮ অপরাহ্ন
মাদক ও ভেজাল শিশুখাদ্য রোধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান এমপি মিলনের

রাজশাহীর মোহনপুর উপজেলায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় মাদক নির্মূল, ভেজাল শিশুখাদ্য বিক্রি বন্ধ, অবৈধ পুকুর খনন প্রতিরোধ এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্টদের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় আইনশৃঙ্খলা কমিটির উপদেষ্টা ও রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন প্রধান অতিথির বক্তব্য দেন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহিমা বিনতে আখতার।

সভায় বক্তব্যে সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন বলেন, মাদক সমাজ ও তরুণ প্রজন্মের জন্য সবচেয়ে বড় হুমকি। মাদক ব্যবসায়ীদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। তাদের আইনের আওতায় এনে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। একই সঙ্গে বাজারে ভেজাল শিশুখাদ্য বিক্রি রোধে নিয়মিত অভিযান পরিচালনার আহ্বান জানান তিনি।

এ ছাড়া খেলাধুলার প্রসার, ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ড কার্যক্রম, জননিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা স্থাপন, অবৈধভাবে পুকুর খনন বন্ধ, তেল মজুদ এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশকে প্রয়োজনীয় নির্দেশনা দেন সংসদ সদস্য।

সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জোবায়দা সুলতানা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আখতার হোসেন, মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা কামরুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা সৈয়দ আলী রেজা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. খন্দকার সাগর আহম্মেদ, প্রকল্প বাস্তবায়ন অফিসার প্রকৌশলী মোঃ তারিকুল ইসলাম, টিআই রবিউল ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার লায়লা আরজুমান, মোহনপুর প্রেসক্লাব সভাপতি রুবেল সরকার, মডেল প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোঃ শাহীন সাগরসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান এবং আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা।