সংসদীয় কমিটির সভাপতি এমপি মিলনকে উপজেলা প্রশাসনের সংবর্ধনা
পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় রাজশাহী-৩ (পবা–মোহনপুর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ শফিকুল হক মিলনকে সংবর্ধনা দিয়েছে মোহনপুর উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহিমা বিনতে আখতার। এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য মোহাম্মদ শফিকুল হক মিলন।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। এ সময় বক্তব্যে মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাঁর নতুন দায়িত্ব পালনে সফলতা কামনা করেন এবং পানি সম্পদ খাতের উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে কার্যকর ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান শামিমুল ইসলাম মুন, সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান মাহবুব আর রশিদ, সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যাপক কাজিম উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) জোবায়দা সুলতানা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আখতার হোসেন, মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সংবর্ধনা অনুষ্ঠানে দেশ ও জাতির সুখ সমৃদ্ধি কামনায় দোয়া মোনাজাত পরিচালনা করা হয়।