রাজশাহীতে ৮ ঘণ্টা রেলপথ অবরোধে ক্ষতি ৩৫ লাখ টাকা : রেলওয়ে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী ও বাংলাদেশ রেলওয়ের এক কর্মচারীর মধ্যে ঘটে যাওয়া একটি অনাকাক্সিক্ষত ঘটনাকে কেন্দ্র করে রেলপথ অবরোধের কারণে প্রায় ২০ হাজার যাত্রী চরম ভোগান্তির শিকার হয়েছেন। এ ঘটনায় বাংলাদেশ রেলওয়ের প্রায় ৩৫ লাখ টাকার রাজস্ব ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (২৩ জুলাই) বাংলাদেশ রেলওয়ের উপপরিচালক (জনসংযোগ, পশ্চিম) মো. জাহিদুল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২১ জুলাই (২০ জুলাই দিবাগত রাতে) ঢাকা থেকে রাজশাহীগামী আন্তঃনগর পদ্মা এক্সপ্রেস ট্রেনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর সঙ্গে রেলওয়ের এক কর্মচারীর অনাকাক্সিক্ষত ঘটনা ঘটে। এর প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী ২১ জুলাই সকাল ৭টা থেকে বিকেল ৩টা ৫৫ মিনিট পর্যন্ত রেলপথ অবরোধ করেন। এতে রাজশাহী থেকে বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাওয়া এবং রাজশাহীমুখী ট্রেন চলাচল ব্যাহত হয়।
রেলওয়ের তথ্য অনুযায়ী, অবরোধের কারণে ১০টি আন্তঃনগর ও ৯টি কমিউটার ট্রেন ১ ঘণ্টা থেকে সর্বোচ্চ ৮ ঘণ্টা ১০ মিনিট পর্যন্ত বিলম্বিত হয়। এ ছাড়া ২টি আন্তঃনগর ও ৪টি কমিউটার ট্রেনের যাত্রা বাতিল করতে হয়।
এতে বিভিন্ন স্টেশন ও ট্রেনে থাকা প্রায় ২০ হাজার যাত্রী দুর্ভোগে পড়েন। বিশেষ করে অসুস্থ ও মুমূর্ষু রোগী, বিদেশগামী যাত্রী, নারী ও শিশুসহ সাধারণ যাত্রীরা দীর্ঘ সময় ভোগান্তির শিকার হন।
রেলওয়ে জানিয়েছে, এ ঘটনায় তাদের আনুমানিক ৩৫ লাখ টাকার রাজস্ব ক্ষতি হয়েছে। একই সঙ্গে যাত্রীদের এই অনাকাক্সিক্ষত ভোগান্তির জন্য বাংলাদেশ রেলওয়ে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।